ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে 'একতরফাভাবে' সরকারি দলের সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। সেইসঙ্গে এই প্রতিনিধি দলকে 'পিকনিক পার্টি' বলে অভিহিত করেছে দলটি।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই প্রতিবাদ জানান।
খন্দকার মোশাররফ বলেন, "একতরফাভাবে সরকারি দলের সদস্যদের নিয়ে সংসদীয় দলের টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনের উদ্যোগ দলীয় সংকীর্ণতার বহিঃপ্রকাশ। এ ধরনের উদ্যোগ ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানকে দারুণভাবে দুর্বল করবে। এরকম সফর জাতীয় স্বার্থের অনুকূল ও অর্থবহ হবে না।"
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে দলের সহ-সভাপতি সাবেক পানি সম্পদ মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।
২৯ জুলাই বুধবার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় দল টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাচ্ছে। এ প্রতিনিধি দলে প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতের সাংসদরা থাকছেন না।
খন্দকার মোশাররফ বলেন, "টিপাইমুখ বাঁধ প্রকল্পটির বিভিন্ন জটিল কারিগরি দিক রয়েছে। কাজেই এই বাঁধ পরিদর্শন অর্থবহ করতে হলে টেকনিক্যাল এক্সপার্ট টিম পাঠানোর কোনও বিকল্প নেই। সে কারণে বিএনপি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর দাবি জানিয়ে আসছিল।
"কিন্তু সরকার তা গ্রাহ্য করেনি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি ছাড়া একদলীয় প্রতিনিধিদলের ভারত সফর দেশবাসীর কাছে কোনওভাবেই গ্রহণযোগ্য হবে না।"
তিনি জানান, সিলেট ও ভারতের শিলং অঞ্চলসহ উত্তর-পূর্ব ভারতের পুরো অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ১০৩টি ভূমিকম্প ওই এলাকায় হয়েছে। এছাড়া ৭টি বড় ধরণের ভূমিকম্প এখানে হয়েছে বলে বাংলাদেশ ভূতত্ত্ব জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, "এই বাঁধ হলে ফারাক্কার মতো আরেকটি মরণফাঁদ তৈরি হবে।"
সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দীন আহমেদ বলেন, "একদলীয় সংসদীয় প্রতিনিধিদলটিতে বিশেষজ্ঞ না থাকায় এটি এখন পিকনিক পার্টি ছাড়া আর কিছুই নয়। ভারত এই প্রতিনিধিদলকে কোনও তথ্য-উপাত্ত দেবে না। এর আগে আমরা যখন সরকারে ছিলাম টিপাইমুখ বাঁধ এলাকার এরিয়াল সার্ভে ম্যাপ, হাইড্রোলজিক্যাল ম্যাপ, জিয়োটেকটোনিক-ডাটাসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করতে ভারত সরকারকে বলা হয়েছিল। কিন্তু তারা তা করেনি। এখন যদি এসব তথ্য-উপাত্ত ওই প্রতিনিধিদলকে দেখানোও হয় তবুও তারা কিছুই বুঝবেন না। কারণ, একমাত্র সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই এসব বুঝবেন।"
তিনি দাবি করেন, খালেদা জিয়ার শাসনামলে যৌথ নদী কমিশনের বৈঠকে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। এধরনের বাঁধ যে ক্ষতিকর সেব্যাপারে প্রতিবাদও জানানো হয়।
সেইসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলেই ১৯৭২ সালে বিভিন্ন সময় বৈঠকে এই বাঁধ নির্মাণে তৎকালীন সরকার ভারতকে সম্মতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এইচএ/১৭৩৩ ঘ.
bdnews24