কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাক নদীতে সেচ প্রকল্পের মাধ্যমে পানি প্রত্যাহারের যে কোনও পরিকল্পনার বিরোধিতা করবে ঢাকা। টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নের আগে এ নিয়ে বাংলাদেশ-ভারত একটি যৌথ সমীক্ষা পরিচালনার ওপরও জোর দেওয়া হবে। টিপাইমুখ পরিদর্শনে সংসদীয় দলের নেতা আব্দুর রাজ্জাক মঙ্গলবার এ কথা বলেন।
১১ সদস্যের ওই দল টিপাইমুখ পরিদর্শনে বুধবার ভারত যাচ্ছে।
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরাক নদীতে টিপাইমুখের ভাটিতে ফুলের তলা এলাকায় ইরিগেশন প্রজেক্ট (সেচ প্রকল্প) ভারত করতে পারে বলে কথা উঠেছে, তা যেন না হয় সে জন্য জোর চেষ্টা চালাব আমরা।"
ভারতের পরিকল্পনা অনুযায়ী, তারা বরাক নদীতে টিপাইমুখের ভাটিতে ফুলের তলা এলাকায় ইরিগেশন প্রজেক্ট (সেচ প্রকল্প) বাস্তবায়ন করবে। আর বরাক নদী দ্বিভাজিত হয়েই সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। শতাধিক নদী ও সিলেট অঞ্চলের অসংখ্য জলাধারের উৎস এ দুটি নদী।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ ২০০৩ ও ২০০৫ সালে যৌথ নদী কমিশনের বৈঠকে সেচ প্রকল্পের জোরালো বিরোধিতা করেছিলেন।
আব্দুর রাজ্জাক বলেন, "টিপাইমুখ প্রকল্প বাংলাদেশের ওপর কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে কিনা তা খতিয়ে দেখতে একটি যৌথ সমীক্ষা পরিচালনা করতে আমরা ভারতকে প্রস্তাব দেব।"
১৯৭৮ সাল থেকেই বাংলাদেশ বরাক নদীতে সেচ প্রকল্প চালু করার ব্যাপারে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাবেক এই পানিসম্পদ মন্ত্রী বলেন, "ফুলের তলা এলাকায় যেন সেচ প্রকল্প বাস্তবায়ন করা না হয় সেজন্য আমরা জোর অনুরোধ করবো। কারণ সেচ প্রকল্পের অর্থই হলো উজানে পানি প্রত্যাহার।"
তার মতে, টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্প হলে পানি প্রত্যাহার হওয়ার কথা নয়। তবে পানি প্রত্যাহারের যে কোনও পরিকল্পনার বিপক্ষে বাংলাদেশ জোর দিয়ে বলবে বলে জানান আব্দুর রাজ্জাক।
তিনি আরও জানান, সেচ প্রকল্প বাস্তবায়ন না করার ব্যাপারে ভারত বাংলাদেশকে আগেও আশ্বস্ত করেছে।
রাজ্জাক বলেন, "এক পর্যায়ে তারা সেচ প্রকল্প চালু না করার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে একমতও হয়। এরপর স
bdnews24