ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে বিরোধী দলের সংসদে গিয়ে টিপাইমুখ বিষয়ে কথা বলা উচিত। এছাড়া ইস্যুটিকে আন্তর্জাতিকভাবেও তুলে ধরতে হবে।
শনিবার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট ও বাংলাদেশ সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এর যৌথভাবে আয়োজিত 'ট্রান্স বাউন্ডারি ওয়াটার শেয়ারিং : কনসার্র্ন অ্যান্ড প্রসপেক্ট' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, "বিরোধী দলের সংসদে যাওয়া উচিত এবং এ বিষয়ে কথা বলা উচিত। এতে সরকারের হাত শক্তিশালী হবে এবং জাতির উপকার হবে।"
আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি তুলে ধরার ওপর জোর দিয়ে আবুল হাসান চৌধুরী বলেন, "টিপাইমুখ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা উচিত। ক্ষতির দিকগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে ড. অমর্ত্য সেন, ড. ইউনুসের মত এ অঞ্চলের সুশীল ব্যক্তিদের এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।"
এ বিষয়ে দেশের অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, তাদেরকে সরকারকে স্বচ্ছ নির্দেশনা দিতে হবে যাতে অজ্ঞতার কারণে অপরপক্ষ সুযোগ নিতে না পারে।
আবুল হাসান চৌধুরী আরও বলেন, আমরা ফলপ্রসু আলোচনা চাই। আমরা চাই না একদিকে আলোচনা চলবে অপরদিকে ড্যাম নির্মাণের কাজও চলবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে আলোচনার সূত্রপাত করতে হবে বলে মত দেন দিনি।
রাজনীতির উর্দ্ধে উঠে সরকার ও বিরোধীদলের ঐকবদ্ধ প্রয়াসের ওপর জোর দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, "জাতীয় স্বার্থকে বিবেচনা না করে রাজনীতি করা অত্যন্ত অবিবেচকের কাজ হবে। এজন্য বিরোধী দলকে সংসদে যেতে হবে এবং এ বিষয়ে কথা বলা উচিত। রাজনীতিতে বিভেদ যাই থাকুক না কেন জাতির বৃহত্তর স্বার্থেই এটি করতে হবে। পাশাপাশি বিদেশি কূটনৈতিকদের কাছেও এটি তুলে ধরতে হবে।"
আরও কয়েকজন বক্তা এ বিষয়ে বিরোধীদলের সংসদে গিয়ে কথা বলার ওপর জোর দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ভারতের সঙ্গে আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক ফোরামেও আমাদের এ ইস্যুতে যোগযোগ করতে হবে। ভারতের সঙ্গে আলোচনা করা মানে এই নয় যে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করা যাবে না।
যৌথ নদী কমিশনের সাবেক সদস্য তৌহিদুল আনেয়োর খান জানান, বাংলাদেশের ৯৩ ভাগ পানিই আসে সীমান্তের ওপার থেকে। এর ৮৫ ভাগ পানি আসে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দিয়ে।
পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, "১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদী প্রবাহ কনভেনশন ভারত ও বাংলাদেশ কেউ অনুমোদন করেনি। ভারত কেন করেনি? কারণ এ আইনে বাংলাদেশের জন্য ভালো কিছু আছে।"
বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যৌথ নদী বিষয়ক চুক্তির উল্লেখ করে তিনি বলেন, দেখা যায় ভারত বার বার তার অবস্থান পরিবর্তন করেছে।
রেজওয়ানা হাসান বলেন, "আমি ভারতের রাষ্ট্রদূতের কাছে এ প্রশ্নটা করতে চাই- তিনি যখন বলেন কোনও আন্তর্জাতিক আইন নেই যা দিয়ে বাংলাদেশ প্রতিকার পেতে পারে। তার ক্ষেত্রেও কোন আন্তর্জাতিক আইন নেই যা দিয়ে তিনি এ কাজটা করতে পারেন।"
তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের ১৯৯৬ সালের গঙ্গা চুক্তির ১০ দশ নম্বর ধারায় বলা আছে দু'দেশ অন্যের কোনও ক্ষতি না করে, সমঝোতার ভিত্তিতে অন্য অভিন্ন নদীগুলো ভাগাভাগি করবে।
টিপাইমুখে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের বছরে ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হবে বলে যুক্তরাষ্ট্রের কুইন্স মেরি ইউনিভার্সিটির এক অধ্যাপকের গবেষণার কথা উল্লেখ করেন সাবেক বন সংরক্ষক জুনাইদ কবির চৌধুরী।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯০৩ঘ.
bdnews24