২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ নিয়ে দলমত নির্বিশেষে সোচ্চার হওয়ার আহ্বান

ভারতের মনিপুরে টিপাইমুখ প্রকল্প বন্ধের বন্ধের দাবিতে দলমত নির্বিশেষে উচ্চকণ্ঠ হওয়ার আহ্বান জানানো হয়েছে শুনবার রাজধানীতে এক আলোচনা সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতের মনিপুরে টিপাইমুখ প্রকল্প বন্ধের বন্ধের দাবিতে দলমত নির্বিশেষে উচ্চকণ্ঠ হওয়ার আহ্বান জানানো হয়েছে শুনবার রাজধানীতে এক আলোচনা সভায়। জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত 'ইন্টারন্যাশনার কনফারেন্স অন টিপাইমুখ' ওই সভায় ক্ষমতাসীন মহাজোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বিরোধী দল বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ ভারতের টিপাইমুখ প্রকল্পের কথা জানিয়ে বলেন, "১৯৭২ সালে সালে আমাদের মন্ত্রী কিছু না বুঝেই ওই প্রকল্পে রাজি হয়েছিলেন। এরপর ১৯৭৫ সাল পর্যন্ত যৌথ নদী কমিশনের ১৩টি বৈঠক হয়েছে। তৎকালীন আওয়ামী লীগের প্রতিনিধি ড্যামের স্থান নির্ধারণ করে এসেছিলেন।" তবে মেনন বলেন, "বিএনটি তথা চারদল ক্ষমতায় থাকার সময় টিপাইমুখ নিয়ে কোনও কথা বলেনি। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন একটি শব্দও উচ্চারণ করেননি। ২০০৩ সালে আমি তৎকালীন পানিসম্পদ মন্ত্রীকে (হাফিজ) এ প্রকল্প বিস্তারিত দলিল দিয়ে এসেছিলাম।" মেননের সমালোচনার জবাবে হাফিজ বলেন, "২০০৩ সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আগস্ট মাসে ভারতকে ওই প্রকল্পের কাজ বন্ধ করার জন্য চিঠি দিয়েছিলাম। যৌথ নদী কমিশনের ৩৫ ও ৩৬তম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। আমরা এর বিরোধিতা করি। ভারত অবশ্য টিপাইমুখ ইস্যু আলোচ্যসূচিতেই আনতে চায়নি।" হাফিজ জানান, ১৯৭৮ সালে টিপাইমুখ প্রকল্পের ওপর বিশেষজ্ঞ সমীক্ষা দাবি করে বাংলাদেশ। তিনি বলেন, " বিএনপি ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এ নিয়ে ভারতকে তিনটি চিঠি দিলেও ভারত কোনও উত্তর দেয়নি। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যৌথ নদী কমিশনের ৩টি বৈঠক হয়। কিন্তু টিপাই মুখ নিয়ে কোনও আলোচনা হয়নি।" টিপাইমুখ ইস্যুতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, "এটি দলীয় রাজনীতির বিষয় নয়। ক্ষমতায় থাকলে কথা বলব না, না থাকলে বলব- এ নিয়ে রাজনীতি হতে পারে, সমস্যার সমাধান হতে পারে না। রাজনীতি না করে জাতীয় ইস্যু হিসাবে বিবেচনা করে এর সমাধান খোঁজা যেতে পারে।" তিনি বলেন, "এর (টিপাইমুখ প্রকল্প) ক্ষতিকারক দিকগুলো মানুষকে জানাতে হবে। সমস্যা সমাধানে প্রয়োজনে ভারত, চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশকে নিয়ে যৌথ কমিশন গঠন করা যেতে পারে।" মেননের এ বক্তব্যকে সমর্থন করে হাফিজ বলেন, "তিনি ঠিকই বলেছেন। সবাইকে একমত হয়ে কণ্ঠ জোরালো করতে হবে। আশা করি এর সঙ্গে মহাজোটের প্রতিনিধিরাও থাকবেন। আমরা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া-বিবাদ করতে চাই না। আমরা চাই সমস্যার সমাধান।" সভার মূল প্রবন্ধে সাবেক সচিব আ ন হ আখতার হোসেন বলেন, "২০২৫ সাল নাগাদ ভারত ৮ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। এ জন্য অভিন্ন নদীগুলোর ওপর ড্যাম নির্মাণের চেষ্টা করছে তারা। এ বিষয়গুলোর নিয়ে আলোচনা করার জন্য আমাদের যৌথ নদী কমিশন খুবই দুর্বল। তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। রাজনৈতিক যেসব সিদ্ধান্ত আসে, তাই তারা পালন করে। তথ্য চাইলে দিতে পারে না।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, "মনমোহন সিং এর কথার ওপর ভরসা করা যায় না। এর আগেও ভারত কথা দিয়ে কথা রাখেনি।" কয়েকদিন আগে ন্যাম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বাস দিয়েছেন, তার দেশ এমন কিছু করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফারাক্কা কমিটির সমন্বয়ক নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৬২৮ ঘ.