২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ পরিদর্শনে সংসদীয় দলে বিএনপির দু'জন থাকবে

বিতর্কিত টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শনের জন্য সংসদীয় প্রতিনিধি দলে দু'জন বিএনপি প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সোমবার বলেছেন, বিএনপি প্রতিনিধিদের নাম পাওয়ার পর সংসদীয় প্রতিনিধি দলের বাঁধ পরিদর্শনের তারিখ ঠিক করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিতর্কিত টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শনের জন্য সংসদীয় প্রতিনিধি দলে দু'জন বিএনপি প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সোমবার বলেছেন, বিএনপি প্রতিনিধিদের নাম পাওয়ার পর সংসদীয় প্রতিনিধি দলের বাঁধ পরিদর্শনের তারিখ ঠিক করা হবে। সর্বদলীয় একটি প্রতিনিধি দলে পরিণত করার জন্য বিএনপি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মনে করেন। সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি প্রতিনিধিদের নাম পাওয়ার পর আমরা পুরো প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করতে পারব।" তিনি বলেন, দু'জন বিশেষজ্ঞকেও প্রতিনিধি দলে নেওয়া হবে। তারা হলেন যৌথ নদী কমিশনের সাজ্জাদ হোসেন ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মনোয়ার হোসেন। এর আগে বিএনপির প্রতিনিধি ছাড়াই সংসদীয় স্থায়ী কমিটি সংসদীয় প্রতিনিধি দল গঠন করে। রোববার বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সে সময় তারা সংসদীয় প্রতিনিধি দলে বিএনপি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা করেন। সংসদীয় প্রতিনিধি দল টিপাইমুখ বাঁধ নির্মাণের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করবে। ভারতের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে সরকার বাঁধ নির্মাণের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শনের জন্য একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি ও পরিবেশবিদসহ অনেকে আশঙ্কা করছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অভিন্ন নদীতে বাঁধটি নির্মাণ করা হলে তা বাংলাদেশের জন্য পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে উঠবে। কিন্তু ভারত বলছে, টিপাইমুখ বাঁধ থেকে কেবল বিদ্যুৎ উৎপাদন করা হবে। উজানে পানি সরিয়ে নেওয়া হবে না বলে তারা দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২৩০৩ঘ.