ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে এবং ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে প্রত্যাহারের দাবিতে রোববার গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ল্যাম্পপোস্ট নামের একটি সংগঠনের কর্মীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
গুলশান অঞ্চলের উপ-পুলিশ কমিশনার হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১ টার দিকে ল্যাম্পপোস্ট-এর কর্মীরা গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা হাইকমিশনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে কতর্ব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। ওই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে গুলশান থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে ল্যাম্পপোস্টের সাধারণ সম্পাদক আশিষ (৩৬) ও প্রিন্স (৩১) নামের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখনো কোন মামলা দায়ের না হলেও তাদের বিরুদ্ধে শান্তিভঙ্গ ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ আনা হতে পারে। এছাড়া সেলিম রেজা ও সুপ্রিয় দেব নামের দুই পুলিশ সার্জেন্ট ও ৪ কনস্টেবল আহত হয়েছেন। তাদের রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভ প্রদর্শনের সময় ওই সংগঠনের বিতরণ করা লিফলেটে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিরোধ, পিনাক রঞ্জন চক্রবর্তীকে প্রত্যাহার ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তার মন্তব্যের জন্য ভারতের ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/১৮৫০ ঘ.
bdnews24