ঢাকা প্রতিদিনের ডিক্লারেশন বাতিলের আদেশ হাই কোর্টে স্থগিত
না জানিয়ে ছাপাখানা পরিবর্তনের অভিযোগে পত্রিকাটি প্রকাশনার অনুমতি বাতিল করে দিয়েছিল জেলা প্রশাসন।
ছাপাখানা পরিবর্তনের অভিযোগে ঢাকা প্রতিদিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিলের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে ঢাকা প্রতিদিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার ডিসি পত্রিকাটির প্রকাশনার অনুমতি বাতিল করে দিয়েছিল।
“সেটা হাই কোর্ট স্টে করে দিয়েছে। হাই কোর্ট একইসঙ্গে রুল দিয়ে চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ডিসিকে জবাব দিতে বলেছে।”
ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যে প্রেস থেকে ছাপাতাম, তা পরিবর্তন করে গত ২৮ ফেব্রুয়ারি ডিসিকে চিঠি দিয়েছিলাম। তখন কোনো প্রতিক্রিয়া না দিয়ে ৩১ অগাস্ট তারা পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেয়।”
ডিক্লারেশন বাতিলের আদেশে বলা হয়, পত্রিকাটি বিসমিল্লাহ প্রিন্টিং প্রেসে ছাপা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেখানে ছাপা হয় না, যা ছাপাখানা ও প্রকাশনা আইনের লঙ্ঘন।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পত্রিকাটির সম্পাদক বলেন, “নিয়ম হচ্ছে, একই জেলার মধ্যে ছাপাখানা পরিবর্তন করতে চাইলে চিঠি দিয়ে জেলা প্রশাসককে অবহিত করলেই হয়। জুরিসডিকশন পরিবর্তন করলে অনুমতি নিতে হয়।”
তার দাবি, যে কারণ দেখিয়ে জেলা প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে, সেটা দেখলে ঢাকার অধিকাংশ পত্রিকার ডিক্লারেশন ‘থাকবে না’।
মনজুরুল বারী নয়ন বলেন, ২ সেপ্টেম্বর থেকে তারা পত্রিকা ছাপানো বন্ধ রেখেছেন। হাই কোর্টের আদেশের পর আবার পত্রিকা ছাপানোর প্রস্তুতি নিয়েছেন।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
