সাবেক আইজিপি নূরুল আনোয়ার মারা গেছেন
১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি পুলিশে যোগ দেন।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আনোয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
রোববার ভোর ৪টা ২৫ মিনিটে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে তিনি মারা গেছেন বলে পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
রোববার সকালে প্রয়াতের জানাজা রাজারবাগ পুলিশ লাইন্সের ‘শহীদ এসআই শিরু মিয়া’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও আত্মীয়-স্বজন অংশ নেন।
জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল ফিউনারেল গার্ড প্রদান করেন।
প্রয়াতের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডতে ১৯৫০ সালে জন্মগ্রহণকারী নূরুল আনোয়ার ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।
চাকুরিজীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার সর্বশেষ মহাকুমা পুলিশ প্রশাসক ছিলেন। পরে বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপপুলিশ কমিশনার ছিলেন। ২০০৯ সালের পর তাকে ভূতাপেক্ষ আইজিপি করা হয়।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাবেক আইজির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা ও অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।
