২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের দ্বিতীয় দিনে সদরঘাটে যাত্রী কমেছে

“এভাবে যাত্রী কমতে থাকলে তো লঞ্চ চালানো মুশকিল হবে,” বলেন লঞ্চ মাস্টার মিজান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 10:00 AM

Updated : 01 Nov 2023, 01:17 PM

বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সদরঘাট থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেলেও প্রথমদিনের তুলনায় যাত্রী কমেছে।

বিআইডব্লিটিএ এর পরিবহন পরিদর্শক মো. মাহতাব উদ্দিন জানান, বুধবার সকালে সদরঘাট থেকে লঞ্চ ছেড়েছে ছয়টি। যাত্রী কম থাকায় পাঁচটি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি।

তিনি বলেন, সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে সোনার তরী-৪, ইমাম হাসান। ভোলার ইলিশার পথে গেছে দোয়েল পাখি-১০ ও কর্ণফুলী-১৪। এছাড়া বরিশালের মুলাদীতে গেছে ঝাণ্ডা-২ ও সেভেনসি।

কর্ণফুলী-১৪ লঞ্চের মাস্টার মো. মিজান বলেন, অবরোধের প্রথম দিনে এই লঞ্চটি ভোলার ইলিশায় গিয়েছিল ১৫৫ জন যাত্রী নিয়ে। সেখানে বুধবার যাত্রী কমে দাঁড়িয়েছে ৭০ জন।

“এভাবে যাত্রী কমতে থাকলে তো লঞ্চ চালানো মুশকিল হবে,” বলেন লঞ্চ মাস্টার মিজান।

বিআইডব্লিউটিএ বলছে, মঙ্গলবার সারা দিনে ঢাকা সদরঘাট ছাড়ে ৩৫টি লঞ্চ, আর ভেড়ে ৫২টি।

সদরঘাট নৌ থানার ওসি আবুল কালাম বলেন, “নৌ পথে যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে। যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিচ্ছে।“

বিএনপির শনিবারের সমাবেশ ঘিরে সংঘর্ষ এবং পরদিন রোববার হরতালের পর মঙ্গল থেকে বৃহস্পতিবার সারা দেশে তিন দিনের এই অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। একই কর্মসূচি দিয়ে রেখেছে জামায়াত।

অবরোধের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে।