০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

২০২৪ সালে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকে ছুটি ৭৬ দিন

মার্চে হাওরে ধান কাটার সময়ে ছুটি দিয়ে পরের ছুটির সঙ্গে সমন্বয়ের পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

২০২৪ সালে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকে ছুটি ৭৬ দিন

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 07:22 PM

Updated : 14 Dec 2023, 07:22 PM

আগামী বছর সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৭৬ দিন ছুটি থাকবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে ২০২৪ সালের ছুটি ও শিক্ষাপঞ্জির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

মার্চ মাসে হাওর অঞ্চলে বোরো ধান কাটা শুরু হলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায় জানিয়ে ওই এলাকার স্কুলগুলোকে ছুটি সমন্বয় করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “হাওর এলাকার প্রধান শিক্ষকরা মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন। পরে গ্রীষ্মকালীন ছুটির সময় শ্রেণি কার্যক্রম চালু রেখে এ ছুটি সমন্বয় করতে পারবেন।”

সূচি অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি ছুটি থাকছে মার্চ-এপ্রিল মাসে। ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ১১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীরা ২৯ দিন ছুটি পাবে।

এছাড়া ১৩ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির জন্য ১৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।