চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চট্টগ্রাম নগরীতে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে সঞ্জয় ভট্টাচার্য (৪০) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
ডবলমুরিং থানার ওসি মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সঞ্জয় তার বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাসায় গিয়ে পড়াতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ওই শিক্ষার্থীকে পড়ানোর সময় প্রেমের প্রস্তাব দেন এবং শ্লীলতাহানি করেন।
ওসি জানান, শিক্ষার্থীর অভিভাবকরা এ বিষয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটি এবং থানায় অভিযোগ করেছেন।
সঞ্জয় বৃহস্পতিবার বিদ্যালয়ে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২২১৬ ঘ.
bdnews24