সিটি করপোরেশনে মহামারী বিশেষজ্ঞ চান মেয়ররা
বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে আরও বড় পরিসরে কাজ করার পরামর্শ মার্কিন রাষ্ট্রদূতের।
কোভিড মহামারীকালে এবং পরবর্তী সময়ের জনস্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিটি সিটি করপোরেশনে অন্তত একজন করে মহামারী বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানিয়েছেন মেয়ররা।
বুধবার রাজধানীর একটি হোটেলে ‘মেয়র সংলাপ: নগর জনস্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।
সভায় ১০ জন মেয়র দেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত বিভিন্ন দিক, এর চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইউএস সিডিসি) এর যৌথ উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও সেফটিনেট ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচি’ বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় এ মতবিনিময়ের ব্যবস্থা করা হয়।
সভায় জানানো হয়, দেশের ১২টি সিটি করপোরেশনে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় প্রতিটি নগরে একজন করে জনস্বাস্থ্য রোগতত্ত্ববিদ সংযুক্ত করা হয়েছে, যারা জনস্বাস্থ্য বিষয়ক নীতিমালা ও কার্যক্রমে সহায়তা করছে।
একই সঙ্গে এ প্রকল্পের আওতায় এসব সিটি করপোরেশনে জনগুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ে দুই মাসের ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, “প্রাইমারি হেলথ কেয়ারের জন্য সিটি করপোরেশনকে আইন দ্বারা ক্ষমতা দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি সিটি করপোরেশনগুলোতে এপিডেমিওলজিস্ট (মহামারী বিশেষজ্ঞ) অন্তর্ভুক্তকরণের জন্য অরগানোগ্রামে একটি প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে, আমাদের কিছু সম্মিলিত অনুমোদন লাগবে।”
সভায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, কোভিড-১৯ মহামারী আমাদের দেখিয়েছে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে জনস্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। একটি পরামর্শ বারবারই এসেছে জনস্বাস্থ্য ও মহামারী বিশেষজ্ঞদের স্থায়ীভাবে সিটি করপোরেশন কাঠামোতে অন্তর্ভুক্ত করা। বিশেষজ্ঞরা ব্যাখ্যাও দিয়েছেন, কীভাবে জনস্বাস্থ্য ও মহামারী বিশেষজ্ঞদের উপর বিনিয়োগ সংক্রামক এবং অসংক্রামক রোগের ক্ষেত্রে খরচ এবং প্রভাবকে ব্যাপকভাবে কমাতে পারে। বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে আরও ব্যাপক পরিসরে কাজ করার আছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় সিটি করপোরেশনগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ইউএস সিডিসি এর কান্ট্রি ডিরেক্টর সুজান কেদোস ডেনিয়েলস, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শামীম জাহান, সেফটিনেট বাংলাদেশের কান্ট্রি হেড সৈয়দ হাসান আবদুল্লাহসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও সেফটিনেট বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
