Published : 28 Oct 2022, 03:09 PM
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২৭ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
ওই চক্রের সদস্যরা অস্ত্রের মুখে বা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত বলে র্যাবের ভাষ্য।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, বৃহস্পতিবার রাতে শাজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ এবং কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো. রুবেল (১৯), মো. আরমান (২১), মো. তুহিন মোল্লা (৩৫), মো. শামীম শেখ (২৩), মো. শান্ত (১৯), মো. বাবু মিয়া (৩২), মো. সোহাগ (২৮), মো. আরশেদ (২৫), মো. মিলন (২৫), মো. সাকিব (২০), মো. সাগর (২২), মো. বাবু হোসেন গাজী (২৬), মো. আকাশ (২২), মো. ইমরান (২২), সাগর (২৮), মো. শান্ত (২২), মো. রিফাত উদ্দিন (২৩), মো. সুজন (২২), সুজন (২৩), মো. ওয়াসিম আকরাম (২২), মো. ইব্রাহিম (২২), মো. আরিফ হোসেন (২৭), মো. সুমন (২২), মো. কবির হোসেন (৩৫), মো. কামরুল হাসান (৩৮), মো. রকি ব্যাপারী (৩২) ও মো. সোহাগ (৩২)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, আটটি চাকু, দুটি ক্ষুর, তিনটি ব্লেড ও এন্টিকাটার এবং তিন কৌটা বিষাক্ত মলম ও দুটি স্প্রের কন্টেইনার জব্দ করার কথা বলেছে র্যাব।
ফারজানা হক বিডিনিউজ টোয়েন্টাফোর ডটকমকে বলেন, “তারা রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ঘোরফেরা করত। সহজ সরল যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে, কখনো বিষাক্ত চেতনানাশক ওষুধ মেশান খাবার বা পানীয় খাইয়ে ছিনতাই করে তারা।
“বিষাক্ত খাবার বা পানীয় খেলে বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নিলে যাত্রী জ্ঞান হারায়। তখন তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা (ছিনতাইকারীরা) ভিড়ের মধ্যে মিশে যায়।”
গ্রেপ্তার ২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।