২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অর্জন আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে: শি

দীর্ঘ ইতিহাসের উপর গড়ে ওঠা বাংলাদেশ-চীন সম্পর্ক ‘আরও শক্তিশালী হবে’ বলেও আশা প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 09:43 PM

Updated : 26 Mar 2024, 06:49 PM

সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক শুভেচ্ছা বার্তায় এই প্রতিক্রিয়া জানান তিনি।

চীনা প্রেসিডেন্ট বলেন, “‘সোনার বাংলা’ অর্জনের পথযাত্রার অংশ হিসাবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ বলিষ্ঠ ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

“বাংলাদেশের সরকার ও জনগণের এই অর্জন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।”

দীর্ঘ ইতিহাসের উপর গড়ে ওঠা বাংলাদেশ-চীন সম্পর্ক ‘আরও শক্তিশালী হবে’ বলেও শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন শি।

তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশ ও চীন সুদৃঢ় ও গভীর রাজনৈতিক বিশ্বাসের সম্পর্ক উপভোগ করছে এবং কার্যকর সহযোগিতা ক্রমান্বয়ে এগিয়ে নিচ্ছে।

“বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) যৌথ নির্মাণ ফলপ্রসূ হচ্ছে এবং দুই দেশ ও জনগণের জন্য বাস্তবিক সুবিধা নিয়ে আসছে।”

দুদেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য চীন কাজ করতে প্রস্তুত বলে রাষ্ট্রপতিকে জানান শি।

পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং।