Published : 01 Jan 2024, 06:30 PM
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধি দল আগামী ৭ জানুয়ারির ভোটের সবশেষ প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।
সোমবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনডিআই ও আইআরআইয়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচিন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নি।
পরে এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, “মিটিংটা কনফিডেনশিয়াল। তারা মিডিয়াকে কিছু ডিসক্লজ না করতে অনুরোধ করেছে।
“তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী সামগ্রী কীভাবে পৌঁছাচ্ছে, কোড অব কনডাক্টে মাইনরিটি ইস্যুসগুলো আছে কিনা- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
এর আগে গত ৮ অক্টোবর থেকে বাংলাদেশে চার দিনের সফরে এসেছিল এনডিআই ও আইআরআইয়ের একটি প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক মিশন (পিইএএম)।
সে সময় দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের পাশাপাশি বিভিন্ন বিদেশি মিশনের সঙ্গে বৈঠক করেছিল।
দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি দল ২৫ ডিসেম্বর ঢাকায় এসেছে, যারা ছয় থেকে আট সপ্তাহ থাকবে।
আইআরআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ জানুয়ারি নির্বাচন-পূর্ব, নির্বাচনের সময় এবং পরবর্তী সম্ভাব্য ‘সহিংস পরিস্থিতির উপর সীমিত পরিসরে কারিগরি পর্যালোচনা’ করবে এ দল।
এবার ভোটে ২৭টি দল অংশ নিচ্ছে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৯৪৩ জন প্রার্থী রয়েছেন ভোটে। ইতোমধ্যে ব্যালট পেপার মুদ্রণসহ সার্বিক প্রস্তুতি গুছিয়ে এনেছে ইসি।
নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল ঢাকায়
‘অর্থবহ সংলাপের’ সুপারিশ মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের