মেট্রোরেলে নতুন সময়বণ্টন
রোজার ঈদে মেট্রোরেল চালু রেখেছিল কর্তৃপক্ষ, কোরবানির ঈদের দিন ট্রেন বন্ধ থাকবে।
ঈদের আগে যাত্রী চলাচলে সুবিধার জন্য উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচলের সময়বণ্টনে পরিবর্তন আনা হয়েছে।
যে ১২ ঘণ্টা মেট্রেরেল চলে, তার মধ্যে ছয় ঘণ্টা ‘পিক আওয়ার’ এবং বাকি ছয় ঘণ্টা ‘অফ পিক’ আওয়ার ধরে এতদিন ট্রেন ছাড়ার সময় (হেডওয়ে) ঠিক করা ছিল। এখন পিক আওয়ারের সময় এক ঘণ্টা বাড়িয়ে নতুন ‘হেডওয়ে’ ঠিক করা হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার থেকে এই নতুন সময়বণ্টন কার্যকর হবে বলে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল জানিয়েছে।
রবি থেকে বৃহস্পতিবার
· সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার: ট্রেন ছাড়বে ১০ মিনিট পরপর
· বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ার: ট্রেন ছাড়বে ১৫ মিনিট পরপর
· বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার: ট্রেন ছাড়বে ১০ মিনিট পরপর
শনিবার
· সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফ পিক আওয়ার: ট্রেন ছাড়বে ১২ মিনিট পরপর
· বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার: ট্রেন ছাড়বে ১০ মিনিট পরপর
শুক্রবার সাপ্তাহিক ছুটি
এতদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ভাগে ছয় ঘণ্টা পিক আওয়ার ধরা হত, ওই সময় ট্রেন ছাড়ত ১০ মিনিট পর পর।
আর বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ভাগে ছয় ঘণ্টা অফ পিক আওয়ার ধরা হত। সকালের ভাগে ১৫ মিনিট পরপর এবং রাতের ভাগে ১২ মিনিট পরপর ট্রেন ছাড়ত।
রোজার ঈদের দিন মেট্রোরেল চালু থাকলেও এবার কোরবানির ঈদের দিন ট্রেন যে বন্ধ থাকবে, তা আগেই জানিয়েছিল ডিএমটিসিএল।
এবারে ঈদে ছুটি একদিন বাড়িয়ে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ২৯ জুন মেট্রোরেল বন্ধ থাকবে। পরদিন শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।
এখন মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পথ আগামী অক্টোবরে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পুরনো খবর
