মাধ্যমিকে দিনে ক্লাস বাড়ছে, কলেজেও নতুন সূচি
শুক্র ও শনিবার বন্ধ রাখার নির্দেশনার পর ছুটির এই ঘাটতি এড়াতে মাউশির নতুন নির্দেশনা এল।
শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পর শ্রেণি কার্যক্রমে সমন্বয় আনতে স্কুল ও কলেজে ক্লাসের নতুন সূচি প্রকাশ করা হয়েছে; যাতে মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন সাতটি করে ক্লাস হবে।
আর বৃহস্পতিবারও পূর্ণদিবস ক্লাস হবে বলে নতুন সূচিতে নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগে কোনো কোনো বিদ্যালয়ে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাস হত।
বুধবার এ নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে বলেছে।
জ্বালানি সাশ্রয়ে সরকার গত ২২ অগাস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে ছুটি নির্ধারণ কর দেয়। শুক্র ও শনিবার বন্ধ রাখার নির্দেশনার পর ছুটির এই ঘাটতি এড়াতে মাউশির নতুন নির্দেশনা এল।
এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের কাঠামো-বিষয় অক্ষুন্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলিত সময়সূচি পরিমার্জন করা হয়েছে।
নতুন সূচিতে এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিটসহ মোট ৬ ঘণ্টা ১০ মিনিট হবে।
দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিটসহ মোট ৫ ঘণ্টা ৫ মিনিট হবে।
প্রথম শিফট সকাল ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা ৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয় শিফট ১২টা ২০ মিনিটে শুরু হয়ে ৫টা ২৫ মিনিটে শেষ হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে প্রতিটি শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৫০ মিনিট। বাংলা, ইংরেজি ও শাখাভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য সপ্তাহে ৩টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।
অর্থাৎ একাদশ-দ্বাদশে সপ্তাহে মোট ২৮টি ক্লাশ নিতে হবে। তবে ঐচ্ছিক বিষয়ের জন্য ৫টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে এমন শিক্ষার্থী সপ্তাহে ৩৩টি শ্রেণি কার্যক্রমে অংশ নিবে।
