শুঁটকি নদী দখলমুক্ত করতে নাগরিক আহ্বান
“সব নদী এখন শুঁটকি নদীর মতই মুমূর্ষু অবস্থায় আছে,” বলেন সুমন শামস।
হবিগঞ্জের বানিয়াচংয়ের শুঁটকি নদী দখলমুক্ত করার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী চার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন, নোঙর, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ইনিশিয়েটিভ ফর পিস।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার ‘দখলের গ্রাসে শুঁটকি নদীর ২৬ কিলোমিটার: ৫০ বছরের নদীলুট ঠেকাতে নাগরিক আহ্বান’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। তিনি বলেন, “নদীমাতৃক বাংলাদেশের সব নদী আজ শুঁটকি নদীর মত শুঁটকি বানিয়ে মেরে ফেলছি আমরা। সব নদী এখন শুঁটকি নদীর মতই মুমূর্ষু অবস্থায় আছে।”
অনুষ্ঠানে জানানো হয়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২৬ কিলোমিটার দীর্ঘ শুঁটকি নদী উজানে খোয়াই এবং ভাটিতে যমুনার সঙ্গে যুক্ত।
১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে নদী ও ভূমির মালিকানা রাষ্ট্রের ওপর বর্তায়। কিন্তু শুঁটকি নদীর মালিকানা বংশানুক্রমে ব্যক্তি পর্যায়ে দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন আলোচকরা।
তারা বলেন, এই নদীতে মানুষ মাছ ধরতে গেলে তথাকথিত মালিক বন্দুক হাতে তেড়ে আসেন। নদীর বিভিন্ন স্থানে সিমেন্টের ব্লক দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “প্রচণ্ড বৈরী পরিবেশেও নদীকর্মীরা তাদের সাহসী ভূমিকা পালন করছে। স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে যখন দখলদাররা বন্দুক নিয়ে আসেন, তখন দখলদারদের বন্দুকের লাইসেন্স বাতিল করতে হবে। শুঁটকি নদী ফেরত পাবার ব্যাপারে আমরা আশাবাদী।”
হিউম্যানিটি ফাউন্ডেশন ও ইনিশিয়েটিভ ফর পিসের চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান বলেন, “শুঁটকি নদী রক্ষায় দেশের সকল শ্রেলি পেশার মানুষ সাথে নিয়ে যা যা প্রয়োজন তার সবকিছুই আমরা করতে প্রস্তুত।”
আইন ও সালিশ কেন্দ্রের সাবেক প্রধান নির্বাহী শিপা হাফিজা বলেন, “আরও জোরে আওয়াজ তুলতে হবে। দরকার হলে হবিগঞ্জে গিয়ে সমস্ত পরিবেশবাদী সংগঠনকে একত্রিত করে শুঁটকি নদী রক্ষায় একযোগে কাজ করতে হবে।”
অন্যদের মধ্যে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ-পরিবেশ রক্ষা আন্দোলনের সংগঠক অধ্যাপক আনু মোহাম্মদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনিসুজ্জামান, নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা এবং রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ অনুষ্ঠানে বক্তব্য দেন।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
