শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ঢাকায় বসবাসরত ‘পার্বত্য বৌদ্ধ জনগণের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।
রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে ভিক্ষুদের জন্য আবাসন ব্যবস্থাসহ একটি পূর্ণাঙ্গ বিহার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় বাস করা পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধদের একাংশ।
শুক্রবার মিরপুর-১৩ নম্বর সেকশনে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে ‘ঢাকায় বসবাসরত পার্বত্য বৌদ্ধ জনগণের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি ও প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম চলছে। শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরোর বিরুদ্ধে বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হচ্ছে।”
শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নিকোলাস চাকমার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৩ সালে মিরপুর-১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে বিমলতিষ্য ভান্তে দেশত্যাগের পর প্রজ্ঞানন্দ মহাথেরো বিহারের অধ্যক্ষ ও সংঘের সভাপতির দায়িত্ব নেন। এরপর দীর্ঘ সময় ধরে বিহার ও সংঘের সম্পত্তি প্রজ্ঞানন্দ মহাথেরোর নিয়ন্ত্রণে রয়েছে।
তাদের অভিযোগ, ১৯৯৮, ২০১২ ও ২০১৭ সালে পেশিশক্তি ও একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি সংঘের নেতৃত্ব ধরে রাখেন। এ ছাড়া বিগত ২৫ বছরেও বিহারের মূল ভবন নির্মাণে উদ্যোগ না নেওয়া, অন্য ভিক্ষুদের জন্য অনুপযোগী আবাসনের ব্যবস্থা রাখার অভিযোগ তোলেন তারা।
এই বিষয়ে জানতে চাইলে প্রজ্ঞানন্দ মহাথেরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ব্যাপারে আমার কোন কথা নাই।”
মানববন্ধন থেকে উত্থাপিত পাঁচ দফা দাবিতে বলা হয়, অবিলম্বে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ করতে হবে। প্রজ্ঞানন্দ মহাথেরোর পরিবর্তে দায়িত্ব নিতে হবে শীলবান ও বিনয়ী একজন ভিক্ষুকে। বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘ ও পার্বত্য বৌদ্ধ জনগণের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায্য সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়।
শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক শৈলজ বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, কমিটির সদস্য সচিব বাবু শুভাশীষ চাকমা, সহসদস্য-সচিব বাবু পলিটন খীসা, সদস্য নীতিমুনি চাকমা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক মনীষ দেওয়ান, সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক উৎপল দেওয়ান, সাবেক প্রধান প্রকৌশলী এলজিইডি তরুন তপন দেওয়ান।
