রাজশাহীর পুলিশ কমিশনারসহ ৫ কর্মকর্তা বদলি
এ আদেশ কার্যকর হবে অবিলম্বে।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বদলি করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেখানে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে। আর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিককে সিআইডিতে বদলি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডিআইজি কুসুম দেওয়ানকেও সিআইডিতে পাঠানো হয়েছে।
রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল আজাদ মিয়াকে করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি। আর টাঙ্গাইলের পুলিশ ট্রেইনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে বদলি করা হয়েছে সিআইডিতে।
