২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে দুর্গা পূজার জন্য অপেক্ষা করেন নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী মনে করেন, বাংলাদেশের ‘অর্থনৈতিক উন্নয়নের ফলে’ এখন মহালয়ার সময় থেকেই পূজা উদযাপন শুরু হয়ে যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 03:06 PM

Updated : 20 Oct 2023, 03:54 PM

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তিনি দুর্গা পূজার জন্য ‘অত্যন্ত আগ্রহ’ নিয়ে অপেক্ষা করেন, কারণ, তার ভাষায়, বাংলাদেশে এ ধরনের বর্ণিল উৎসব আর ‘দ্বিতীয়টি নেই’।

“আমরা সবসময় বলে থাকি, বাংলা ভাষায় যারা কথা বলি, এই অঞ্চলের সব থেকে বড় উৎসব। শুধু ধর্মীয় না, সার্বজনীন উৎসব হয়ে গেছে এই দুর্গা পূজা।”

শুক্রবার দুপুরে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে কথা বলছিলেন খালিদ মাহমুদ।

তিনি বলেন, “দুর্গা পূজার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মানুষ অধীর আগ্রহে থাকে। শহর অঞ্চলের মানুষ এত ব্যস্ততার মধ্যেও (মণ্ডপে) এসে (পূজা) দেখে।”

আগের সময়ের সঙ্গে তুলনা করে খালিদ মাহমুদ বলেন, এখন মহালয়ার সময় থেকেই উদযাপন শুরু হয়ে যায়, যা আগে দেখা যেত না। তার মতে, এর কারণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি।

“আমরা অতি দারিদ্র্যকে জয় করেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি।”

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে, উৎসবগুলো আরো বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে; তখন আমাদের অর্থনীতি আরো বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরো বেশি বর্ণিল হবে।”

তবে দুর্গোৎসবকে ঘিরে ‘অনেক ষড়যন্ত্র হতে পারে’ মন্তব্য করে তিনি বলেন, “এ জায়গায় সকলকে সতর্ক থাকতে হবে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরো এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”