থেমে থেমে বৃষ্টি আরও দুদিন
“বৃষ্টিটা একবারে ১৫ তারিখের পর কমবে। এর মাঝে এই দুই দিনে থেমে থেমে বৃষ্টি হতে পারে।”
কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মাঝারি থেকে তুমুল বৃষ্টি; মওসুমের শেষ সময়ে শ্রাবণের এই বারিধারা আরও দুদিন থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার রাত থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃষ্টিটা একবারে ১৫ অগাস্টের পর কমবে। এর মাঝে এই দুই দিনে দেখা যাবে থেমে থেমে বৃষ্টি পড়ছে।
“এই সময়ে রোদের দেখা মিলবে না, এমন নয়। একবেলা বৃষ্টি হলে, আরেক বেলা হয়ত রোদ উঠবে। এমনটা চলবে। তবে এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণটা কমে আসবে।”
পঞ্জিকার পাতায় বর্ষা মওসুমের শেষ হলেও ১৫ অগাস্ট থেকে চার-পাঁচদিন খানিকটা বিরতি দিয়ে ফের রাজধানীতে বৃষ্টি বাড়তে পরে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
“১৫ তারিখের দিকে বৃষ্টিটা কমবে মানে এই না যে বৃষ্টি একবারে কমে যাবে। তেমন হবে না। ১৫ তারিখের পর বৃষ্টি কমলেও ২০ তারিখের পর ঢাকায় বৃষ্টির পরিমাণটা আবার বাড়ার সম্ভাবনা আছে।”
বৃষ্টি কমে যাওয়ার পর ঢাকার তাপমাত্রা বাড়বে কিনা, জানতে চাইলে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “তাপমাত্রা ওইভাবে বাড়বে না। আসলে ঢাকায় এক ডিগ্রি এদিক-ওদিক হলেই তো মনে হয় অনেক গরম লাগছে।”
শনিবার রাতের প্রথমভাগে তুমুল বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। এরপর রাতভর থেমে থেমে বৃষ্টি চলে। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল থেকে গুঁড়িগুঁড়ি আর মাঝারি বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অফিসের পথে রাস্তায় বের হয়ে যানজট আর বৃষ্টি মিলিয়ে দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে দেশের সবচেয়ে বেশি ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবার পাবনার ঈশ্বারদীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
