ভোটের তফসিল স্থগিতে রিট আবেদনের আদেশ ১০ ডিসেম্বর
একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে এ আবেদন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে।
হাই কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর বেঞ্চ আগামী রোববার আদেশ দেবে। সোমবার শুনানি শেষে তারা আদেশের এ দিন ঠিক করেন।
রিটের পক্ষে শুনানি করেন এ রিটের আবেদনকারী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন; সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী বর্তমানে একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার রিট আবেদনটি করেছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সাতজনকে বিবাদী করা হয় ওই আবেদনে।
এর আগে গত মঙ্গলবার এ আইনজীবী আইনি নোটিস পাঠিয়েছিলেন। নোটিসে বর্তমানে রাজনৈতিক সংকট চলছে উল্লেখ করে বলা হয়, দেশে হরতাল-অবরোধ চলছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট করা সম্ভব নয়।
