২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‌‌‌মানারাতের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন নিয়ে হাই কোর্টের রুল

জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয় সরকারের উদ্যোগে।

‌‌‌মানারাতের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন নিয়ে হাই কোর্টের রুল

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 06:32 PM

Updated : 18 Oct 2022, 06:36 PM

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বেসরকারি ট্রাস্টি বোর্ডের বাদপড়া সদস্যদের এক রিট আবেদনে প্রাথমিক শুনানি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল দেয়।

শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, তার সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

পরে আইনজীবী জামিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‌‍“অদক্ষ নেতৃত্ব, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। আমরা বলেছি, ট্রাস্ট্রি বোর্ডের সদস্যদের মধ্যে তিনজন সাবেক সচিব, এক জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের সাবেক ডিন। ওনারা যোগ্য না হলে যোগ্য কারা? তাছাড়া ট্রাস্টি বোর্ড পরিবর্তন করতে হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে কিছু নিয়ম রয়েছে, যা এক্ষেত্রে মানা হয়নি।”

পুরনো খবর:

মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দেয়। পুনর্গঠিত বোর্ডে চেয়ারম্যান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৬ (১০) ধারার ‘সুস্পষ্ট লংঘন’ করায় ট্রাস্টি বোর্ড পুর্নগঠন করা হয়।

“প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের স্বার্থের জন্য ক্ষতিকর বিবেচিত হইতে পারে এমন কোনো কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করিবে না বা সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা বা এই জাতীয় কোনো কার্যকলাপে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনভাবেই কোনো পৃষ্ঠপোষকতা প্রদান করিবে না।”
আইনের ৬ (১০) ধারা

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।

মানারাত ট্রাস্ট ১৯৭৯ সালে একটি কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করে, যা পরে কলেজ পর্যন্ত উন্নীত হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠিত হয় একটি বিশ্ববিদ্যালয়ও।

ইসলামী ব্যাংকের মতো এই প্রতিষ্ঠানগুলো জামায়াতে ইসলামী সংশ্লিষ্টদের নেতৃত্বে পরিচালিত হত বলে অভিযোগ রয়েছে। মানারাত স্কুল ও কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী।