২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে এই চিকিৎসকের প্রতিষ্ঠানকে।

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ডা. জাহাঙ্গীর কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 06:21 PM

Updated : 26 Oct 2022, 09:05 PM

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে সোশাল মিডিয়ায় আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে।

বুধবারের অভিযানে ঢাকার আফতাব নগরে এই চিকিৎসকের প্রতিষ্ঠান ‘আলটিমেট অর্গানিক লাইফ’কে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিদপ্তরের নিয়মিত তদারকি অভিযানে ছিল এটা। আগেও সেখানে কিছু অনিয়ম পাওয়া গিয়েছিল, তখন সতর্ক করা হয়েছিল। তারা কতটুকু সংশোধন হয়েছে, আজ সেটাই দেখা হয়েছে।”

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকেই জরিমানা করা হয়েছে কি- জানতে চাইলে তিনি বলেন, “কে কোন নামে পরিচিতি, সেটা আমরা সেটা দেখি না। সাংবাদিকরা যেই নামটি বলছে, উনাকে আজ সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল ও শরীফুল ইসলাম আফতাব নগরে এই অভিযান চালান।

দিনের অভিযানে অনিয়ম পাওয়ায় আরও একজন আমদানিকারকে এক লাখ টাকা এবং আরেকজন দোকানিকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে অংশ নেওয়া ভোক্তা অধিকার কর্মকর্তা শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আল্টিমেট অর্গানিক লাইফ নামের ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বিদেশি পণ্যে নিজেদের স্টিকার বসাচ্ছিল। কিন্তু তাদের আমদানি করার কোনো অনুমোদন ছিল না। একই স্থানে ঘি মোড়কজাত করা হচ্ছিল। যদিও তারা গাজীপুরের একটি প্রতিষ্ঠানের নামে বিএসটিআই লাইসেন্স নিয়েছে। সেক্ষেত্রে তারা আফতাবনগরে মোড়কজাত করতে পারে না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।”

ডা. জাহাঙ্গীরের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ফেইসবুকে ‘আলটিমেট অর্গানিক লাইফ’র পণ্যের প্রচারে তারা নানা ভিডিও দেখা গেছে।

‘কিটো ডায়েট’র জন্য আলোচিত ডা. জাহাঙ্গীর সোশাল মিডিয়ায় পরিচিত ‍মুখ। ফেইসবুকে তার ২৮ লাখ ‘ফলোয়ার’ রয়েছে। তবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর চিকিৎসা পরামর্শ দেওয়ার অভিযোগ নানা সময়ে এসেছে চিকিৎসকদের সংগঠনের মধ্য থেকেই।