২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষেও দেখা মিলবে বৃষ্টির

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১২৭ মিলিমিটার আর ঢাকায় হয়েছে ১৮ মিলিমিটার।

সপ্তাহের শেষেও দেখা মিলবে বৃষ্টির

ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান অংশ দিয়ে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 12:36 AM

Updated : 06 Sep 2022, 12:36 AM

অবশেষে ঝুম বৃষ্টির দেখা মিলল; যা অফিস ফেরত কর্মজীবীদের ভিজিয়ে দিলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে।

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পর আবহাওয়া অফিসও সামনের দিনের জন্য সুসংবাদের আভাস দিয়েছে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বর্ষাতেও সেভাবে বৃষ্টির দেখা না পাওয়া নগরবাসী গত কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন নগরবাসী। ভাদ্রের শেষ সপ্তাহে এসে বৃষ্টিতে ভ্যাপসা গরমের হাসফাঁস থেকে তারা কিছুটা হলেও রেহাই পেলেন। এ বৃষ্টি সর্বত্র স্বস্তি এনেছে।

Image

ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে সোমবার দুপুরের বৃষ্টি থেকে বাঁচতে মোটরসাইকেল আরোহী ধরে রেখেছেন ছাতা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বর্ষার শেষ দিকে আর শরতের শুরুতেও বৃষ্টির দেখা মেলেনি। মাঝ শরতেও গ্রীষ্মের মত গরম অনুভত হচ্ছিল। এরমধ্যে গেল শুক্রবার রাতে ঢাকায় হালকা বৃষ্টিতে খানিক স্বস্তি এসেছিল।

দেশের অন্যান্য স্থানেও এরমধ্যে বৃষ্টি নামে। তাতে কয়েক জেলায় বিরাজমান তাপদাহ কেটে গেলেও এরপর দু’দিনের ফের ভ্যাপসা গরমের অনুভূতি সবখানে। এরইমধ্যে সোমবার এল ঝুমবৃষ্টি।

এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন অধিকাংশ এলাকায় বৃষ্টি নামে। ঢাকায় দুপুরের দিকে মাঝারি ধরনের বর্ষণ হয়। এসময় বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য জলজটের সৃষ্টিও হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হয়। ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১২৭ মিলিমিটার।

Image

ঢাকায় কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর সোমবার দুপুরে হঠাৎ নামে স্বস্তির বৃষ্টি।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে- সেপ্টেম্বরে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই/তিন দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং দেশে তিন/চার দিন হালকা বজ্রঝড় হতে পারে।