ঢাকায় ‘ছাত্রলীগের’ বাইকে আগুন
অভিযোগ না থাকায় কাউকে আটক করা হয়নি।
ঢাকায় সমাবেশের মধ্যে বিএনপিকর্মীরা দুটি মোটরসাইকেল আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে দলটির ঢাকা বিভাগীয় সমাবেশ চলাকালীন সবুজবাগের একটি ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে ছাত্রলীগ ও বিএনপিকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপিকর্মীরা ছাত্রলীগের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে উপকমিশনার বলেন, কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, পৌনে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিভানো অবস্থায় দেখেন।
এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ভাষ্য তার।
