২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুল গিলে ফেলা ছিনতাইকারীকে হাসপাতালে নিয়ে এল পুলিশ

এক্স-রে করে হৃদয়ের পেটে কানের দুলের অস্তিত্ব পাওয়া গেছে, বলছেন বংশাল থানার পুলিশ।

দুল গিলে ফেলা ছিনতাইকারীকে হাসপাতালে নিয়ে এল পুলিশ

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 01:08 AM

Updated : 24 Dec 2023, 09:04 AM

ঢাকার গুলিস্তানে এক নারী পথচারীর কান থেকে দুল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় ধরা পড়ে সেটি গিলে ফেলেছিলেন সন্দেহভাজন এক ছিনতাইকারী। পরে পেট থেকে দুল বের করতে চিকিৎসকের শরনাপন্ন হয়েছে পুলিশ; নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

হৃদয় হোসেন (২৫) নামে ওই সন্দেহভাজন শনিবার দুপুরে ঢাকার গুলিস্তানে হাতে নাতে ধরা পড়ে।

গুলিস্তানে কেনাকাটার জন্য বাসে করে নারায়ণগঞ্জ থেকে স্বামীর সঙ্গে এসেছিলেন ওই নারী। এ ঘটনায় আহতও হয়েছেন ছিনতাইয়ের শিকার ওই নারী।

তার স্বামী নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মাদানি নগরের কাঁচামাল ব্যাবসায়ী রাসেল ব্যাপারী জানান, বাস থেকে নেমে কিছু দূর যেতেই ওই ছিনতাইকারী তার স্ত্রীর বাম কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। পিছু নিয়ে দৌড়ে তাকে ধরেও ফেলেন, লোকজনও জমা হয়। এ সময় ওই ছিনতাইকারী দুলটি গিলে ফেলেন। পরে অভিযুক্ত হৃদয়কে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার বলেন, এক্স-রে করে হৃদয়ের পেটে কানের দুলের অস্তিত্ব পাওয়া গেছে। এখন তা বের করতে প্রয়োজনীয় প্রক্রিয়া করবেন চিকিৎসকরা।