হজ করে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
রাত পৌনে ২টার রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার রাত পৌনে ২টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে বাসস।
স্ত্রী রেবেকা সুলতানাসহ পরিবারের অনান্য সদস্য ও সফরসঙ্গীরাও রাষ্ট্রপতির সঙ্গে ওই বিমানে ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্ত কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
হজ পালনে গত ২৩ জুন সপরিবারে সৌদি যান রাষ্ট্রপতি। হজের আনুষ্ঠানিকতা সেরে গত ৩০ জুন রাতে মক্কা থেকে মদিনায় পৌঁছান।
সেখানে তিনি মসজিদে নববীতে যান এবং মহানবী হজরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন। পাশের রিয়াজুল জান্নাতে তিনি নামাজও পড়েন।
মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে বিদায় জানান মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, রয়্যাল প্রটোকল প্রধান ইব্রাহিম আল বারী ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
