অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সফরকালে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার তিনি দেশে ফিরেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ৩ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে যান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে সেনাপ্রধানদের সম্মেলন ও স্থলবাহিনীর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ২০২৬’ এ অংশগ্রহণ করেন। এ সময় তিনি মেলবোর্নে ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।”
পরবর্তীতে সেনাপ্রধান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশ করেন।
উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন তিনি।
