বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত সংবর্ধনায় যোগ দিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিরা।
শনিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রবেশ করার পর প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানাসহ অতিথিদের সস্ত্রীক স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।
এরপর সস্ত্রীক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঞ্চে ওঠার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চের সামনে লালগালিচায় ছিলেন।
পরে সস্ত্রীক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বিজয় দিবসের কেক কাটেন।
কেক কাটার পর রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা যোগ দেন। এছাড়া তিন বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সবশেষে শীতের পড়ন্ত বিকালে বঙ্গভবনের সবুজ চত্বরে শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
