২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে বিচারপতি গোলাম রাব্বানীর কফিনে শেষ শ্রদ্ধা

রাজশাহীর কাদিরগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানীকে।

সুপ্রিম কোর্টে বিচারপতি গোলাম রাব্বানীর কফিনে শেষ শ্রদ্ধা

সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা শেষে অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2022, 04:06 PM

Updated : 16 Nov 2022, 04:06 PM

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানীকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানাল দেশের সর্বোচ্চ বিচারাঙ্গন।

বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রয়াত গোলাম রাব্বানীর কর্ম জীবনের কথা স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, "উনি আমাদের বিচার ও আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আপনারা যারা রেগুলার প্র্যাকটিস করেছেন, তারা সবাই তা জানেন।

"গোলাম রাব্বানী সাহেব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর পাশের হলরুমে বসতেন। আমিও ঠিক উত্তর পাশের হলরুমে বসতাম। কাজ পাগল মানুষ ছিলেন তিনি। সারাজীবন কাজ করে গেছেন। আমরা দেখতাম সকালে এসে ফাইলে মনোনিবেশ করতেন। ওখানে বসেই ডিক্টেশন দিতেন। একের পর এক ডিক্টেশন দিতেন। কাজ করেই যেতেন।"

গোলাম রাব্বানী 'প্রচণ্ড পরিশ্রমী' ব্যক্তি ছিলেন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, " বিচারপতি হওয়ার পর এমন কোনো দিন নেই যে উনি ছয় থেকে সাতটি ক্রিমিনাল আপিল হেয়ারিং করে নিষ্পত্তি করেননি। একদিন আমি উনাকে বললাম- স্যার আপনার জাজমেন্টগুলো ছোট হয়ে যাচ্ছে। উনি তখন বললেন- ‘কী নাই আমার জাজমেন্টে সেটা বলো।’ উনার ছোট জাজমেন্টে সব কিছুই থাকত।"

সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; আপিল ও হাই কোর্টে বিভাগে বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, আইনজীবী জমির উদ্দিন সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী অংশ নেন বিচারপতি গোলাম রাব্বানীর জানাজায়।

এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকেই কফিন নিয়ে যাওয়া হয় গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি রাজশাহীর কাদিরগঞ্জে। সেখানে হেতিম খাঁ কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোমবার দুপুর পৌনে ১টায় ঢাকার গুলশানের নিজ বাসায় ৮৫ বছর বয়সে মারা যান সর্বোচ্চ আদালতের সাবেক এ বিচারপতি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

বিচারপতি গোলাম রাব্বানী ২০১০ সাল থেকে ৭ বছর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ছিলেন। ২০১৭ সালে তাকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি করা হয়।

১৯৩৭ সালে ১০ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন গোলাম রাব্বানী। শিক্ষাজীবন শেষে ১৯৬০ সালে তার কর্মজীবন শুরু হয়।

১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন। পরের বছর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসরে যান।

বিচারিক কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, ফতোয়া সংক্রান্ত মামলা, তালাক ও ভরণপোষন সংক্রান্ত বেশ কিছু উল্লেখযোগ্য রায় দেন।

গোলাম রাব্বানী আইন ও সংবিধান নিয়ে বেশ কিছু বই লিখেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।