মোটরসাইকেল নিয়ন্ত্রণ নীতিমালা বাতিলের দাবিতে রাস্তায় সহস্রাধিক বাইকার
মোটরসাইকেল চালকেরা বলছেন, সরকার বাস-ট্রেনে ভোগান্তি কমানোর উদ্যোগ নিলেই ঈদে সড়ক নিরাপদ থাকবে।
মোটর সাইকেল চলাচল নীতিমালার যে খসড়াটি নিয়ে আলোচনা চলছে, তা বাতিলের দাবিতে রাস্তায় নামলেন সহস্রাধিক মোটরসাইকেল চালক।
বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনের উল্টোদিকে মানিক মিয়া এভিনিউর এমাথা থেকে ওমাথা পর্যন্ত মোটরসাইকেল চালকেরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।
এসময় কেন্দ্রীয়ভাবে কেউ বক্তব্য না রাখলেও বাইকররা গণমাধ্যমের কাছে ওই নীতিমালা নিয়ে তাদের যুক্তি তুলে ধরেন ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তৈরি করা ওই খসড়া নীতিমালা এরইমধ্যে গণমাধ্যমে আলোচিত হয়েছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস করার কথা বলা হয়েছে ওই নীতিমালায়।
নীতিমালায় বলা হয়েছে, মহাসড়কে চলতে হলে মোটরসাইকেলের ইঞ্জিনক্ষমতা ন্যূনতম ১২৬ সিসি হতে হবে এবং মোটরসাইকেলে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) থাকতে হবে।
মহাসড়কে মোটরসাইকেলে আরোহী বহন করা যাবে না। ঈদ, পূজাসহ উৎসব ও পার্বনের আগে-পড়ে ১০দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
এই নীতিমালার খসড়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ফেইসবুকে বাইকারদের গ্রুপগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন বাইকার গ্রুপ একত্রিত হয়ে বুধবার রাস্তায় দাঁড়ানোর কর্মসূচি দেয়।
ভলান্টিয়ার কার্ড পরে বিক্ষোভে থাকা এক তরুণ বলেন, ফেইসবুককেন্দ্রিক বাইকারগ্রুপগুলো একত্রিত হয়ে এই কর্মসূচি দিয়েছে। যার কারণে মানববন্ধনে কোন সংগঠনের ব্যানার ছিল না। কেউ বক্তব্যও দেননি। কর্মসূচির নেপথ্যে থেকে ব্যানার, প্ল্যাকার্ড ও খাবারের মতো ‘লজিস্টিক সাপোর্ট’ দিয়ে গেছে বাইক আমদানিকারক একটি প্রতিষ্ঠান।
শান্ত শাহরিয়ার নামে একজন বাইকার বলেন, “খসড়া নীতিমালায় যা লেখা রয়েছে তা একেবারেই হাস্যকর। জীবনে কোনদিন বাইকে ওঠেননি, এমন লোকেদের পক্ষেই এই নীতিমালা করা সম্ভব। সরকার আমাকে বাইকের রেজিস্ট্রেশন দিয়েছে দুইজন চড়ার জন্য। এখন তারা বলছে মহাসড়কে দুইজন চড়া যাবে না।
“১২৬ সিসির নীচের বাইক মহাসড়কে চলবে না এরকম কোন কথা তো রেজিস্ট্রেশনের সময় বলেনি। সারা দেশে আমি বাইক চালাতে পারব, এটা জেনেই আমি বাইক কিনেছি, লাইসেন্স করেছি। এখন ঠাস করে একটা নীতিমালা করে ফেললেই হল!”
ঈদের সময় মহাসড়কে বাইক চলতে না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করছেন প্রতিবাদকারীরা।
আরিফ হোসাইন নামে একজন তরুণ প্রকৌশলী বলেন, “ঈদের টিকিট পেতে ভোগান্তির সঙ্গে দিতে হয় দ্বিগুণ-তিন গুণ ভাড়া। সরকার সেসব ভোগান্তি কমানোর উদ্যোগ নিলেই তো মানুষ আর বাইকে করে বাড়ি ফেরার পথ ধরত না। বাস মালিকদের সরকার কিছু বলতে পারবে না সব নিয়মের খড়গ বাইকের ওপর।”
