দগ্ধ ফাহমিদা চলেই গেলেন
রোববার বিকালে নিজ বাসায় দগ্ধ হয়েছিলেন তিনি।
দগ্ধ হওয়ার পর একদিন লড়াই করে হার মানলেন ঢাকার কেরাণীগঞ্জের গৃহবধূ ফাহমিদা আক্তার।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ওই ইনস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, ফাহমিদা শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। প্রথম থেকেই তার অবস্থা গুরুতর ছিল।
নিহতের স্বামী পারভেজ খানের দাবি, মনোমালিন্যের পর তিনি চড় কষান স্ত্রীকে। এরপর নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল ফাহমিদা।
পারভেজের কথায়, “রোববার বিকালে মুরগী এবং বিভিন্ন ধরনের মাছ কিনে বাসায় আনার পর তাকে কেটে রাখতে বলি। কিন্তু সে একসাথে সব করতে পারবে না বলে জানালে তাকে শুধু মাছ কাটতে বলি এবং মুরগী নিজে কাটতে চাই। এ নিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
“এক পর্যায়ে সে তার বাবাকে ফোন করে আমার সাথে থাকবে না বলে জানিয়ে দেয় এবং বাড়ি যাওয়ার জন্য চাপাচাপি করে। এ সময় মুরগী কাটতে গিয়ে আমার হাতের আঙ্গুল কেটে যায়। এ সময় নিজেকে ঠিক রাখতে না পেরে তার গালে দুইটি চড় মারি।”
পারভেজ দাবি করেন, আঙ্গুল কাটার পার বাসাতেই তিনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে ফাহমিদা কেরোসিন দিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়।
পরে ওই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে দগ্ধ ফাহমিদাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ভর্তি করা হয় বলে জানান পারভেজ।
বছর খানেক আগে তাদের বিয়ে হয়িছিল বলে জানিয়েছেন তিনি।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি শাহজামান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
“আমরা কারও কাছ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।”
