০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

চুল্লি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:58 AM

Updated : 08 Oct 2026, 08:58 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস (পিএসআরএম) কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে তারাব পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে সজিবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের সহকর্মী নাবিল তালুকদার বলেন, রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।

“মিল থেকে বের হয়ে কিছুদূর যেতেই হঠাৎ মানুষের চিৎকার শুনে পেছনে তাকাই। তখন দেখি, রোলিং মিলের বাট্টি (ভাটি বা চুল্লি) বিস্ফোরণে চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আমি দেখি, বেশ কয়েকজন আগুনে দগ্ধ হয়েছেন।”

দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে আনা নাবিল এও বলেন, এ চারজন ছাড়াও আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। চুল্লি লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।