পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন
মেজর জেনারেল মো. আলীমুল আমীন ১৭তম পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন।
সেনাবাহিনীর মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।
তিনি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের স্থলাভিষিক্ত হবেন। চার বছর ধরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব সামলে আসা নুরুল আনোয়ারকে অবসরের আগে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এই রদবদলের আদেশ জারি করে বলেছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
নতুন দায়িত্ব পাওয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন ১৭তম পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেজর জেনারেল নুরুল আনোয়ার ২০২২ সালের ২৬ অক্টোবর মহাপরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন।
“প্রায় চার বছর এই পদে তিনি দায়িত্ব পালন করলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে। তার আগে তিনি নিজ বাহিনীতে ফেরত গেলেন।”
