সব সমস্যার সমাধান ‘জনবলে’ খুঁজছেন বিআরটিএ চেয়ারম্যান
“তাদের অভ্যাস পরিবর্তন করতেই হবে। কারণ আমরা চাই ভালো কিছু করতে,” বিআরটিএ কর্মীদের দুর্নীতি ও হয়রানি প্রসঙ্গে বলেন তিনি।
সড়কে বিশৃঙ্খলা কিংবা দুর্ঘটনার জন্য সড়কে চলাচলকারীদের মূলত দায়ী করে তাদের ‘অভ্যাস পরিবর্তন’ আর আইন মেনে চলায় জোর দিলেন সড়ক পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
সড়কে আইনের যথাযথ প্রয়োগ, গণপরিবহনে সেবার মান বাড়ানো, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করা কিংবা ফুটপাথ দখলমুক্ত কেন করা যাচ্ছে না- এসব প্রসঙ্গে শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বেশির ভাগ ক্ষেত্রে তার জবাব ‘জনবল নেই’।
আইন প্রয়োগে কয়েকশ’ ম্যাজিস্ট্রেট চাওয়ার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, “সবাই আইন মেনে চললে তো আইন প্রয়োগেরই প্রয়োজন হয় না”।
শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ এর কর্মসূচি জানাতে এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ।
এবারের নিরাপদ সড়ক দিবসের মূল প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদ ঘরে ফিরি’।
ঢাকায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিআরটিএ চেয়ারম্যান বলেন, “আমরা যেন সড়ক ব্যবহারে সচেতন হই, যেন নিরপদে সড়ক ব্যবহার করতে পারি সেজন্য এ দিবস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দিবসের প্রচার-প্রচারণায় সকলে উদ্বুদ্ধ হয়ে আইন মেনে চলবে, আমাদের সড়ক নিরাপদ করবে।“
দিবসটি উপলক্ষে বিআরটিএ আয়োজিত সমাবেশ ও র্যালিসহ অন্যান্য কর্মসূচি কোথায় ও কখন হবে তা তুলে ধরার পাশাপাশি কোথায় কোথায় ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে এসব বিস্তারিত তুলে ধরেন তিনি।
এরপর প্রশ্নোত্তর পর্বে সচেতনতা তৈরির বিষয়টি ছাড়াও সড়কে শৃঙ্খলা আনতে আইনের প্রয়োগ ‘কতখানি গুরুত্বপূর্ণ’ এবং যথাযথ প্রয়োগ হচ্ছে কী না জানতে চাইলে তিনি বলেন, “আইনের প্রয়োগের বিষয়টা আসলে অনেক ব্যপক। এখন আইন আগে সবাইকে মেনে চলতে হবে। কারণ আমাদের পুলিশসহ এনফোর্সেমেন্টের যে জনবল রয়েছে ১৭ কোটি মানুষের তুলনায় তা যথেষ্ট নয়।
“প্রত্যেক স্টেকহোল্ডার যদি স্ব স্ব জায়গায় আইন মেনে চলি তাহলে আইনের প্রয়োগেরই দরকার হয় না। এই জায়গাটাতেই আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদ ঘরে ফিরি’। অর্থাৎ সবাই আইন মেনে চললে কোন দুর্ঘটনা হবে না। তারপরও আইনের প্রয়োগ প্রয়োজন রয়েছে।”
অপরিচ্ছন্ন গণপরিবহন, বসার আসনের বেহাল অবস্থা, যত্রতত্র যাত্রী ওঠানামা- এসব কেন বন্ধ হচ্ছে না জানতে চাইলে নূর মোহাম্মদ বলেন, “আপনি একটু পেছনে গেলে দেখবেন আমরা অনেক উন্নত হয়েছি। সড়কের অনেক উন্নয়ন হয়েছে। এখন আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।
“যারা বলছেন বাস স্টপেজের কথা, আমাদের যাত্রীদের চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলতে হয়, সবাই ঘরের সামনে বাস থেকে নামতে চান। ঘরের দরজা থেকে বাসে উঠতে চান। স্টপেজের কোনো বালাই নেই।
“আমাদেরকে কিন্তু সবাইকে আইন মানতে হবে এবং আমাদের যে চরিত্র সেটাও পাল্টাতে হবে। আমরা সবসময় উন্নত দেশকে ফলো করি তো, ওরাই আমাদের মডেল।“
নির্দিষ্ট স্থানে না থেমে বাসের মোড়ে মোড়ে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “বিআরটিএ, পুলিশ, জেলা প্রশাসকের কার্যালয়, বাস মালিক যারা আছেন, শ্রমিক সংগঠন যারা তারা, সড়ক বিভাগ এবং পথচারী যারা সব স্টেকহোল্ডারের রোল যদি পজিটিভ না হয় তাহলে পরিবহন সেক্টরে সফলতা আনা অনেক কঠিন একটা কাজ।“
সড়ক নিরাপদ করতে ১১১টি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, সবগুলো স্টেকহোল্ডারের এখানে দায়-দায়িত্ব আছে। সরকার ফুটওভারব্রিজ করে দিয়েছে। তো ফুটওভারব্রিজে পথচারীরা ওঠে না। জেব্রা ক্রসিং আছে, সেটা ব্যবহার করে না। অ্যাক্সিডেন্ট তো এসব কারণেই হচ্ছে।”
গণপরিবহনের বাড়তি ভাড়া প্রসঙ্গে নূর মোহাম্মদ বলেন, “আবারও একই বিষয়ে আবারও বলছি বিআরটিএ সীমিত জনবল, বিশেষ করে ম্যাজিস্ট্রেট। আমাদের এনফোর্সমেন্টের জায়গাটা যদি বলেন যে, পাঁচজন ম্যাজিস্ট্রেট দিয়ে তো ঢাকা সিটি কাভার করা কঠিন।”
মানুষকে অভ্যাস পাল্টে হাঁটার পরামর্শ দেওয়া হলেও ফুটপাথগুলো দখল হয়ে রয়েছে। এ বিষয়ে বিআরটিএর অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান জনসংখ্যাকে বড় সমস্যা হিসেবে তুলে ধরে বলেন, “পরিবহন সেক্টর বিশ্লেষণ করে দেখেছি এখানে সাপ্লাই ডিমান্ডের একটা বিষয় আছে। এখন একটা দেশের জন্য যতটুকু পরিবহন দরকার তারচেয়ে অনেক বেশি পরিবহন আমাদের দেশে আছে। +
“এখন সবাই যদি নিজেরা সচেতন না হই তাহলে (পরিবহন) ব্যবসায় নামলে আপনি লস দেবেন। একইভাবে পথচারী হিসেবে আপনি সচেতন না হন ক্ষতিগ্রস্ত হতে পারেন। সবার একটা পজিটিভ রোল না হওয়া পর্যন্ত আমরা ভাল কোনো রেজাল্ট পাব না।“
আনফিট গাড়ি চলাচল বন্ধ বিষয়ক প্রশ্নে তিনি বলেন, “আনফিট গাড়ি রাস্তায় চলবে না এটা আইনের বিধান। সেই হিসেবে রাস্তায় আমরা আইনের প্রয়োগ করছি। আমি আবারও বলছি আমাদের জনবল লিমিটেড।“
চাইলেন কয়েকশ’ ম্যাজিস্ট্রেট
এরমধ্যেও বিআরটিএ গত ১০ মাসে ১১ হাজার ৫৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা, ২০৬টি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানোসহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে বলে জানান নূর মোহাম্মদ।
১০ মাসে মাত্র ২০৬টি গাড়ি ডাম্পিং হয়েছে সারা দেশে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাহলে আমাকে কয়েকশ ম্যাজিস্ট্রেট দেন। তাহলে আরও বেশি ফলাফল দিতে পারব।
“আমরা ২ হাজার ৩১৫ জন জনবলের জন্য লিখেছিলাম। কিন্তু সরকারেরও তো কিছু সীমাবদ্ধতা থাকে। চাইলেই তো সবকিছু পাওয়া যাবে না।“
বিআরটিএ কর্মীদের বিরুদ্ধে যা ব্যবস্থা
বিআরটিএর কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ বিষয়ে চেয়ারম্যান বিআরটিএকে ডিজিটালাইজড করার অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, অলরেডি ৭০ শতাংশের বেশি ডিজিটালাইজড করে ফেলেছি। এতে পাবলিক কন্টাক্ট কমে যাবে।
“প্লাস তাদের (কর্মচারীদের) অভ্যাসেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি অলরেডি চারজনকে স্যাক করেছি। যারা চাকরির বেনিফিট কিছুই পাবে না। আরও ১২ থেকে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছি। আরও ১৫টার মত মামলা চলমান আছে। তাদের অভ্যাস পরিবর্তন করতেই হবে। কারণ আমরা চাই ভালো কিছু করতে।”
