বিএনপিপন্থি ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে শুনানি পেছাল
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ ১৯ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছে।
দুই বিচারপতির পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি সাতজন আইনজীবীর সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি পিছিয়ে গেছে।
বাদীপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ ১৯ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছে।
আদালত অবমাননার অভিযোগ ওঠা সাত আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি
অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
সোমবারের শুনানিতে তারা সবাই আদালতে হাজির হন।
গত বছরের ১৫ অগাস্ট শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ মন্তব্য করে দুই বিচারকের বক্তব্য ধরে তাদের অপসারণ চেয়ে কর্মসূচি পালন করেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
পরে তারা সুপ্রিম কোর্টে সমাবেশ ও কালো পতাকা মিছিল করেন। দুজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলনসহ তাদেরকে বিচারকাজ থেকে বিরত রাখতে কর্মসূচিও ঘোষণা করেন।
পরে ২৯ অগাস্ট সুপ্রিম কোর্টে সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি ব্যবস্থা চেয়ে আবেদন করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি।
