রোজা শুরুর আগের দিন নগরজুড়ে যানজট
“রমজানের আগে আজকে সর্বোচ্চ জ্যাম। আমি সকাল ৮টায় বের হইছি। উত্তরা থেকে মহাখালী, বাড্ডা থেকে সায়দাবাদ, বাংলামোটর থেকে বিজয় সরণি পুরো জ্যাম হয়ে ছিল,” বললেন একজন বাইকার।
সপ্তাহের শেষ কর্মদিবস আর রোজা শুরুর আগের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তি যানজটে ভুগতে হয়েছে মানুষকে।
বৃহস্পতিবার দুপুর থেকেই আজমপুর থেকে বিমানবন্দর, কাওলা থেকে খিলক্ষেত, হোটেল র্যাডিসন থেকে মহাখালী পর্যন্ত সড়কে যানজট ছিল।
প্রগতি সরণির কুড়িল থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়কের দুদিকেই দেখা গেছে থমকে থাকা গাড়ি।
কাকরাইল থেকে তেজগাঁও, ডিআইটি রোডের মালিবাগ রেলগেইট থেকে রামপুরা টিভি সেন্টার অংশেও যানজট ছিল।
বিকেলে যানজট দেখা যায় অতীশ দীপঙ্কর সড়কের মায়াকানন থেকে মানিকনগর পর্যন্ত। মিরপুর রোড, এলিফ্যান্ট রোডেও দিনভর যানজট ছিল।
বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দর সড়কের এমইএস থেকে মহাখালী পর্যন্ত যানবাহনের ভিড় ছিল বেশ।
আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান রোড সিগন্যাল পর্যন্ত সড়কের পাশের ফুটপাত ও ড্রেনেজ উন্নয়ন কাজ চলছে। ফলে বাঁ পাশের একটি লেইন কার্যত বন্ধ। তাতে যান চলাচলে ধীর গতি দেখা গেছে।
উত্তরা থেকে মোহাম্মদপুর রুটের বাস চালকের সহকারী মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে জ্যাম তেমন ছিল না। কিন্তু এখন ফেরার পথে এমইএস আইসা জ্যামে পইড়া গেছি। বনানী পর্যন্ত আসতে সময় লাগছে আধা ঘণ্টা।”
চেয়ারম্যানবাড়ি এলাকায় জানজটে থাকা গাজীপুর-গুলিস্তান রুটের বাসের হেল্পার শহীদুল্লাহ বলেন, বৃহস্পতিবার এমনিতেই যানজট কিছুটা বেশি থাকে। এদিন যেন আরও একটু বেশি।
“আবদুল্লাহপুর থেকে জ্যাম ঠেলতে ঠেলতে আসতেছি। খিলক্ষেতের পর র্যাডিসন হোটেল পর্যন্ত মোটামুটি ভালোই আসছি। কিন্তু এরপর জ্যাম। আবদুল্লাহপুর থেকে এই পর্যন্ত আসতে দেড় ঘণ্টার বেশি লাগছে।”
কাকলী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট বায়েজিদ বলেন, সকাল থেকেই বিমানবন্দরের দিক থেকে আসা যানবাহনের বাড়তি ভিড় ছিল।
শ্যামলী থেকে তেজগাঁও হয়ে কাকরাইল পর্যন্ত যেতে থেমে থেমে যানজটে পড়তে হয়েছে যাত্রীদের।
রাইড শেয়ারিং অ্যাপে চলা একটি মোটরসাইকেলের চালক ইয়াসির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্যামের কথা বলে আর লাভ নাই, রমজানের আগে আজকে সর্বোচ্চ জ্যাম। আমি সকাল ৮টায় বের হইছি। উত্তরা থেকে মহাখালী, বাড্ডা থেকে সায়দাবাদ, বাংলামোটর থেকে বিজয় সরণি পুরো জ্যাম হয়ে ছিল। এখনও একই অবস্থা।"
দুপুরের পর মহাখালী থেকে ফার্মগেট যাওয়ার সড়কেও দুদিকেই যানজট দেখা যায়।
মহাখালী থেকে শাহবাগগামী একটি বাসের যাত্রী হুমায়ন কবির বলেন, “মহাখালী ফ্লাইওভারের পর থেকে যানজট শুরু হয়েছে। জাহাঙ্গীরগেইট, বিজয় সরণি, কারওয়ানবাজার হয়ে শাহবাগ পর্যন্ত আসতে প্রায় সোয়া এক ঘণ্টা সময় লাগল।”
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এসএম মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার মাস ঘিরে শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এনেছেন তারা।
“ট্রাফিক পুলিশকে সহায়তা করতে ক্রাইম বিভাগ থেকে পুলিশ সদস্যরা মাঠে থাকবে। বিশেষ করে দুপুর ২টার পর আমরা সমন্বয় করে কাজ করব এবং রাত ১১টা পর্যন্ত রাস্তায় থাকব।”
তিনি বলেন, প্রতিটি বিভাগে এক প্লাটুন পুলিশ রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে, যারা ট্রাফিক পুলিশকে সহায়তা করবেন।
“নগরবাসী যাতে বাসায় ইফতার করতে পারে তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থার এই পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি পয়েন্টে ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে থাকবেন। অবৈধ রিকশা চলাচল করতে যেন না পারে সে ব্যাপারে সিটি করপোরেশনকে চিঠি দিয়ে সহায়তা চাওয়া হয়েছে।”
