সাতক্ষীরা থেকে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালে ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মো. আব্দুর রশিদ নামের ৭২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।
সোমবার রাতে সাতক্ষীরার সদল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব-৩ এর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রশিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মত যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ২০১৯ সালে একটি মামলা হয়। সেই মামলার তদন্ত চলাকালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তার পর তিনি নিজের এলাকা ময়মনসিংহ ছেড়ে সাতক্ষীরায় আত্মগোপনে চলে যায় বলে র্যাবের ভাষ্য।
