২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন জাসদের আফরোজা

আওয়ামী লীগের প্যাডে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা।

উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন জাসদের আফরোজা

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে মঙ্গলবার মনোয়নপত্র জমা দেন আফরোজা হক রীনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 02:05 PM

Updated : 28 Feb 2023, 02:05 PM

বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে সংসদে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি আফরোজা হক রীনা।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা বাতেন জানান, আওয়ামী লীগের প্যাডে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা। মনোনয়নপত্র জমার সময় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

ইসির তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট।

একক প্রার্থী হওয়ায় আফরোজা হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাছাইয়ে প্রার্থিতা বৈধ হওয়ার পর প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেই ওই আসনে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি সচিবালয়।

সংসদের সংরক্ষিত আসনে বিএনপির রুমিন ফারহানা পদত্যাগের পর আসনটি শূন্য হয়। বিএনপি সদস্যদের পদত্যাগের পর ছয় আসনের উপনির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নারী আসনটি আওয়ামী লীগ পেলেও তারা জাসদকে ছেড়ে দিয়েছে।

জাসদ আফরোজা হক রীনাকে মনোনয়ন দিয়েছে, জোটের শরিকের এ প্রার্থীকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদে সরাসরি ভোটে জেতা জাসদের তিনটি আসন রয়েছে। এবার যুক্ত হচ্ছে সংরক্ষিত একটি আসন।

জাসদ সভাপতি ইনুর স্ত্রী আফরোজা বর্তমানে দলের স্থায়ী কমিটির সদস্য, পাশাপাশি জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক। ১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে তার জন্ম।

তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়ে। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা ইনুকে বিয়ে করেন আফরোজা। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে আসেন।

আরও পড়ুন-

পুরনো খবর:

সংসদে রুমিনের শূন্য আসন পূর্ণ হচ্ছে জাসদের আফরোজায়