পুলিশ হত্যা: আরেকজন ২ দিনের রিমান্ডে
ফখরুলসহ ১৬৪ জন এ মামলার আসমি।
বিএনপির সমাবেশে ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যার ঘটনায় আরেকজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
রিমান্ডে যাওয়া শহিদুল্লাহ মুসুল্লীর বাড়ি বরগুনা সদরের পুরিরখালে।
এর আগে সোমবার মামলাটিতে মীম রেজা ওরফে শিন্টা শামীম ও সুলতান নামের দুইজনকে ৭ দিনের রিমান্ডে পায় পল্টন থানা পুলিশ।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই শাহ আলম জানিয়েছেন, মঙ্গলবার শহিদুল্লাহ মুসুল্লীকে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই সালাহ উদ্দিন। শুনানি শেষে বিচারক তার ২ দিনের রিমান্ডের আদেশ দেন।
পুলিশ সদস্য আমিরুল হত্যার ঘটনায় শনিবার গভীর রাতে পল্টন থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার পল্টন থানার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে বাদীসহ অন্য পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের ‘হাজার হাজার’ নেতাকর্মী তাদের উপর হামলা করে। ইটপাটকেলের আঘাতে এডিসি (ডিবি-ওয়ারী জোন) ইলিয়াছ হোসেন, কনস্টেবল আমিরুল হকসহ বেশ কয়েকজন পুলিশ আহত হন।
সেসময় আমিরুল হক ‘আত্মরক্ষার্থে’ ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তাকে রাস্তার উপর ফেলে এলোপাতাড়ি ইট, লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। তাতে আমিরুল গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। তখন পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়। আমিরুলকে পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
