যমুনা টিভির দুই সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার রায় পিছিয়ে ১৮ অক্টোবর
২০১৬ সালের নভেম্বরে রাজধানীর চকবাজারে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে তারা হামলার শিকার হন।
রায় লেখা শেষ না হওয়ায় বেসরকারি যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমকে মারধর করে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার রায় পিছিয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী আগামী ১৮ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন।
গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি শেষে ২০ সেপ্টেম্বর রায়ের দিন রাখা ছিল।
ওই মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেইনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে যমুনা টেলিভিশনের দুই সাংবাদিক হামলার শিকার হন। রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় এবং ক্যামেরা ভাঙচুর করে।
“হামলা থেকে বাঁচতে তারা একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বাধা দেওয়ায় শাকিল প্রাণে বেঁচে যান।”
ওই ঘটনায় শাকিল হাসান চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
