২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে ওঠার আগে ‘ক্ষমা চাওয়া’ দরকার ছিল, ফখরুলের উদ্দেশে তথ্যমন্ত্রী

“তারা যতই আন্দোলন করছে, তাতে আমাদের একটা লাভ হচ্ছে- আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2022, 10:46 PM

Updated : 14 Nov 2022, 10:48 PM

পদ্মা সেতুতে ওঠার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপির ক্ষমা চাওয়া দরকার ছিল মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘লজ্জা-শরম নেই’ বলেই তারা চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়া আসা করেছেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এমন মন্তব্য করেন। দেশের বৃহত্তম এ সেতু নিয়ে বিএনপির ‘অপপ্রচারের’ কারণেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের ‘ক্ষমা’ চাওয়ার প্রসঙ্গে টানেন হাছান মাহমুদ।

মিসরে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে যোগদান শেষে এদিন সকালেই তিনি দেশে ফেরেন।

সম্মেলনের প্রসঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর গত বছরের বরাদ্দ করা তহবিলের হিসাবে ‘শুভঙ্করের ফাঁকি’ দেখার কথা জানান তথ্যমন্ত্রী।

উন্নত দেশগুলো এই আন্তর্জাতিক তহবিলে ৮২ বিলিয়ন ডলার দেওয়ার হিসাব দিয়েছে বলে জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, “রাজনৈতিক কর্মসূচির জন্য আমি দেশে ফিরে এলেও সেখানে আমাদের পরিবেশমন্ত্রী আছেন, পররাষ্ট্রমন্ত্রীও গতকাল গেছেন। তবে এবারকার সম্মেলনে বিশ্ব নেতাদের অংশগ্রহণে প্রমাণিত হয়েছে যে, উষ্ণায়ন থেকে বিশ্বকে রক্ষা করার জন্য বিশ্বনেতারা গুরুত্ব দিচ্ছে।”

‘বিএনপি নেতারা পদ্মা সেতু দিয়ে ফরিদপুরের সমাবেশে যাওয়া আসা করেছেন’- সাংবাদিকরা বিষয়টি তুললে তথ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সবার জন্যই পদ্মা সেতু নির্মাণ করেছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের আসলে লজ্জা নেই।

“লজ্জা যদি থাকত তাদের বলা উচিত ছিল- পদ্মা সেতুতে ওঠার আগে আমরা যে এ নিয়ে অপপ্রচার করেছি সেজন্য জাতির কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমাপ্রার্থী। লজ্জা-শরম নেই তো, সে জন্য তারা চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়া আসা করেছেন।”

পদ্মা সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের তুলনামূলক খরচের হিসাব নিয়ে হাছান মাহমুদ বলেন, “খরচের তুলনামূলক হিসাবটা ধরা হয় স্বর্ণের মূল্য দিয়ে। কারণ টাকার মূল্যমান বা ডলারের মূল্যমান ‘স্ট্যাটিক’ নয়, কিন্তু স্বর্ণের মূল্যমান ‘স্ট্যাটিক’। সেই হিসাবে হার্ডিঞ্জ  ব্রিজের তুলনায় পাঁচ ভাগের এক ভাগ টাকা খরচ হয়েছে পদ্মা সেতুতে।”

বিএনপির সরকার পতনের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রথমত বিএনপি তো আজকে প্রায় ১৪ বছর ধরেই বলে আসছে সরকারের পতন ঘটাবে এবং পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরে যাবে না। অথচ প্রত্যেক সমাবেশের শেষে তারা ঘরেই ফিরে যায়। কারণ জনগণ তাদের কাছ থেকে সরে গেছে।

“তারা যতই আন্দোলন করছে, তাতে আমাদের একটা লাভ হচ্ছে- আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে এবং অপশক্তিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হচ্ছে।”

কেউ খোঁচা দিলে আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধ হয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “সেটিরই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন যে যুবলীগের সম্মেলনে লাখ লাখ যুবকের সমাবেশ হয়েছে। তাদের মত এত হাঁকডাক দেয়নি। আর এটি আওয়ামী লীগের নয়, যুবলীগের সমাবেশ, তাতেই লাখ লাখ যুবকের সমাবেশ ঘটেছে।”

বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে মেগা প্রকল্প থেকে বিধবা ভাতা পর্যন্ত চুরির অভিযোগ এনেছেন, এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “বিএনপি পরপর পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, চারবার এককভাবে আর একবার যুগ্ম চ্যাম্পিয়ন। যার বিশ্বচোর তারা সবকিছুতেই চুরির গন্ধ খোঁজে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তো হাওয়া ভবন বানিয়ে সব ব্যবসায় টোল বসিয়ে চাঁদাবাজি করেছিল।

“মির্জা ফখরুল সাহেব কয়েক দিন আগে বলেছেন যে, সরকারের পতন হলে তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার হবে। অর্থাৎ হাওয়া ভবনের বিশ্বচোর আবার বাংলাদেশে আসবে এবং তার নেতৃত্বেই তারা জাতীয় সরকার গঠন করতে চায়। দেশের মানুষ এটা কখনো মেনে নেবে না।”

বিশ্ব জলবায়ু সম্মেলনের ওপর আলোকপাত করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, “বিশ্ব জলবায়ু অর্থায়নের বিষয়ে প্যারিস চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে ‘ইন এডিশন টু প্রেজেন্ট ওডিএ (ওভারসিজ ডিভালপমেন্ট এসিস্ট্যান্স)’। অর্থাৎ বর্তমানে উন্নত বিশ্ব যে ওভারসিজ ডিভালপমেন্ট এসিস্ট্যান্স দেয়, সেই অর্থ এই তহবিলে যুক্ত বলে গণ্য হবে না। জলবায়ু তহবিলে এর অতিরিক্ত অর্থ দিতে হবে।

“কিন্তু তারা (উন্নত দেশগুলো) বর্তমান ওডিএর অর্থায়নকেও যুক্ত করে গত বছর উন্নয়নশীল দেশগুলোকে ৮২ বিলিয়ন (৮ হাজার ২০০ কোটি) ডলার দিয়েছে বলে একটি হিসাব দাঁড় করিয়েছে। এর সঙ্গে আমরা একমত নই।”