২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম খানের জামিন স্থগিত

সেলিম খানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 01:34 PM

Updated : 27 Sep 2022, 07:28 PM

অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের জামিন স্থগিত করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এ আদেশ দেন।

হাই কোর্টের দেওয়া চার সপ্তাহের জামিন স্থগিত করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেলিম খানকে জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন সেলিম খান। জামিনের চার সপ্তাহের মধ্যে তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। 

এর মধ্যে আগাম জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে দুদক। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সেলিম খানের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।

খুরশীদ আলম খান বলেন, “হাই কোর্টের দেওয়া সেলিম খানের আগাম জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। পাশাপাশি ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাকে সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।”

প্রথমে এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে হাই কোর্ট সেলিম খানকে তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ওই আদেশে মামলার নম্বর ভুল থাকায় আত্মসমর্পণ না করে হাই কোর্টে নতুন করে আগাম জামিন চেয়ে আবেদন করেন সেলিম খান।

সে আবেদনে শুনানির পর গত ১৪ সেপ্টেম্বর হাই কোর্ট তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল। দুদকের আবেদনে সে জামিনই স্থগিত হয়ে গেল।

৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে গত ১ অগাস্ট সেলিম খানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সেলিম খানের মোট ৩৮ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের উল্লেখ করা হয়।

দুদকের সহকারী পরিচালক আতাউর রহমানের করা ওই মামলায় বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে’ নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের ‘তথ্য গোপন’ করেছেন। সেলিম খান যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে এই অসঙ্গতি পাওয়া গেছে।

এজাহারে বলা হয়, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজায় সেলিম খানের ১৯ দশমিক ৮৯ একর জমি, ঢাকার কাকরাইলে আজমিন নামে একটি পাঁচতলা ভবন, কাকরাইলে ৭১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড় এলাকায় ১০ তলা বাড়িসহ মোট ২৬ কোটি ৪২ লাখ ৩২ হাজার ২১ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।

এছাড়া তার ছয়টি ড্রেজার, তিনটি প্রাইভেট কার/জিপ, একটি পিস্তল, একটি শটগান, আসবাব, পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, ইলেকট্রনিক সরঞ্জামাদি, নয়টি সিনেমা নির্মাণ ও আমদানিতে বিনিয়োগ, ৫৮টি সিনেমা নির্মাণে অনুমতির নিবন্ধন ফি জমা, ব্যাংক হিসাবে জমা ও হাতে নগদসহ আরও ১১ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৩৬৪ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

এছাড়া স্থাবর ও অস্থাবর মিলে সেলিম খানের ৩৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার ৩৮৫ টাকার সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং পারিবারিক ও অন্যান্য বাবদ এক কোটি ছয় লাখ ৩৮ হাজার ৩১০ টাকা পাওয়া গেছে। এ সব সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য চার কোটি ১৪ লাখ ২৪ হাজার ৫৭৬ টাকা আয়ের তথ্য-প্রমাণ পাওয়া গেলেও বাকি ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ ‘জ্ঞাত আয় বহির্ভূত’ বলে দুদকের ভাষ্য।  

পুরনো খবর

পুরনো খবর:

সেলিম খানের চার সপ্তাহের আগাম জামিন
সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ
সেলিম খানের সাড়ে ৩৪ কোটি টাকার সম্পদ ‘অবৈধ’: দুদক
মেঘনায় বালু উত্তোলন: সেলিমের কাছ থেকে ৪ বছরের রাজস্ব আদায়ের নির্দেশ
সেলিম খানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা
ইউপি চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে মামলা করছে দুদক