লুব্রিকেন্ট পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল
ব্যাংকার-গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে এই মার্জিন নির্ধারণ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ও সংশ্লিষ্ট পণ্য আমদানিতে এলসি (ঋণপত্র) মার্জিন সংরক্ষণ করার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, “ইঞ্জিন ওয়েল/লুব্রিকেন্টস ও এর উৎপাদন/প্রস্তুতে সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে।”
শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের গতি ধরে রাখতে বাজারে লুব্রিকেন্টের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত, বলা হয়েছে নির্দেশনায়।
মূল্য সহনীয় পর্যায়ে রাখতে চাল ও গম আমদানিতেও গত ১৪ ডিসেম্বর ন্যূনতম মার্জিনে এলসি (ঋণপত্র) খোলার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। সেখানেও মার্জিন র্নিধারণে একই পদ্ধতির কথা জানায় তারা।
এছাড়া রোজায় সবেচেয়ে বেশি ব্যবহৃত আট পণ্যে - ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর - ন্যূনতম মার্জিন রাখা ও আমদানিতে বাকি সুবিধাও দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
বৈদেশিক মুদ্রায় টান পড়ায় বাংলাদেশ ব্যাংক গত এপ্রিল থেকে আমদানিতে কড়াকড়ি আরোপ করে চলছে। আবশ্যকীয় ও বিলাসী পণ্য ছাড়া অন্যান্য সব পণ্যের আমদানি ঋণপত্র খোলায় ন্যূনতম ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে বলা হয়েছে।
মোটর গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, প্রসাধনী, আসবাবপত্র ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড যেমন অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয়, তামাকসহ অন্যান্য বিলাসজাতীয় পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হচ্ছে এখন। আগে এসব পণ্যে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত মার্জিন রাখার বাধ্যবাধকতা ছিল।
১০০ শতাংশ ও ৭৫ শতাংশ নগদ মার্জিনে আমদানি করা পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের বিপরীতে প্রয়োজনীয় মার্জিন গ্রাহকের নিজস্ব উৎস হতে গ্রহণ করতে হবে। অর্থাৎ এসব পণ্য আমদানিতে ব্যাংক অর্থায়ন করতে পারবে না- এমন নিষেধাজ্ঞাও দেওয়া রয়েছে।
কড়াকড়ির ফলে গত বছরে প্রতি মাসে এলসি নিষ্পত্তি যেখানে ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলারের উপরে ছিল, তা গত নভেম্বরে ৫ বিলিয়নের (৫০০ কোটি) ঘরে নেমেছে। নতুন এলসি খোলার হারও ৭ বিলিয়ন (৭০০ কোটি) থেকে ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের ঘরে নেমেছে।
তবে বাংলাদেশ ব্যাংক আশা করছে, আগামী জানুয়ারি নাগাদ এলসি খোলা ও নিষ্পত্তির হার কাছাকাছি পর্যায়ে চলে আসবে।
