উত্তরায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৩
দগ্ধ আরো পাঁচজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে তিন জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার দুপুরের ওই ঘটনায় দগ্ধদের মধ্যে গাজী মাজহারুল ইসলাম (৪৭) রোববার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার আগে শনিবার রাত ১১টার দিকে আলমগীর হোসেন আলম (২৩) এবং রাত ২টার দিকে নূর হোসেন (৬০) নামে দুজনের মৃত্যু হয়।
পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তিনটি মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরো পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে মাজহারুল ইসলাম ছিলেন ভাঙারির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, বাকিরা রিকশাচালক।
নুর হোসেনের শরীর ৯৫ শতাংশ, আলমের শরীর ৭০ শতাংশ আর মাজহারুলের শরীর ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্যরা হলেন- মো. মিজান (৩৫), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শাহিন (২৬)।
এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, আহতদের সবার শরীরের ৪৫ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, উত্তরা কামারপাড়া এলাকায় ওই ভাঙারির দোকানের পাশে রিকশা গ্যারেজ রয়েছে। ভাঙারির দোকানে পুরনো ফেলে দেওয়া মালপত্রের গুদাম ছিল। সেখানে হ্যান্ড স্যানিটাইজারসহ নানা দাহ্য পদার্থও ছিল।
শনিবার দুপুরে ভাঙারির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তাতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি।
