২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে নতুন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

তিনি এর আগেও ঢাকায় দায়িত্ব পালন করে গেছেন, ডিএফআইডিতে।

বাংলাদেশে নতুন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

সারাহ কুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 06:50 PM

Updated : 09 Feb 2023, 03:44 PM

ফরেন অফিসে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান সারাহ কুককে রাষ্ট্রদূত করে বাংলাদেশ পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। ঢাকায় তিনি রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় নতুন হাই কমিশনার পাঠানোর খবর জানায় যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস।

২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব পালন করছেন ডিকসন। তার কাছ থেকে আগামী এপ্রিল অথবা মে মাসে কুক দায়িত্ব নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Image

রবার্ট ডিকসন

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হয়ে লন্ডনে ফেরার আগে সারাহ কুক ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তানজানিয়ায় ব্রিটিশ হাই কমিশনার ছিলেন।

ঢাকা মিশনেও এটা প্রথম দায়িত্ব নয় কূটনীতিক কুকের; এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান ছিলেন তিনি।

২০০৫ সালে ডিএফআইডিতে যোগ দেন সারাহ কুক। সংস্থায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ, দুর্নীতিরোধী এবং অনুদানের কার্যকারিতা বিষয়ক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তিনি। 

ডিএফআইডিতে কাজ শুরুর আগে কমিশন ফর আফ্রিকা সেক্রেটারিয়েটের উপ-প্রধান এবং মন্ত্রিসভা বিভাগে প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজি ইউনিটের উপ-পরিচালকের দায়িত্ব সামলেছেন কুক।

এই পদে ‘এক্সট্রাক্টিভ ইন্ডাস্ট্রিজ ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ’সহ সরকারের বিভিন্ন কৌশলগত প্রকল্পে নেতৃত্ব দেন তিনি।

‘প্রাইসওয়াটারহাউসকুপারসে’ অর্থনৈতিক পরামর্শক হিসাবে কর্মজীবন শুরু করা কুক গায়ানা এবং সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

সারাহ কুকের পড়াশোনা অর্থনীতিতে, পরে তিনি উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি নেন।