০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিক্রম মিশ্রির সঙ্গে রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

ভারতে দায়িত্ব পালন শেষে সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন রিয়াজ হামিদুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 01:33 PM

Updated : 07 Oct 2026, 01:33 PM

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিদায়ী সাক্ষাৎ হয় বলে এক এক্স পোস্টে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন।

পোস্টে বলা হয়, বিদায়ী সাক্ষাতে দুই কূটনীতিক বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

তারা দুই দেশের মানুষের মধ্যে ‘বহুমুখী যোগাযোগের’ গুরুত্বের কথা তুলে ধরেন এবং অভিন্ন স্বার্থে যৌথ উদ্যোগ আরও অর্থবহ ও কার্যকর সহযোগিতা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন রিয়াজ হামিদুল্লাহ। জয়শঙ্কর এক পোস্টে তার ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ দায়িত্বের জন্য শুভকামনা জানান।

২০২৫ সালের এপ্রিল মাসে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ। ভারতে দায়িত্ব পালন শেষে সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।

১৯৯৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং শ্রীলঙ্কায় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

দিল্লিতে বাংলাদেশ মিশনে রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম, যিনি বর্তমানে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করছেন।

ভারত সরকার ইতোমধ্যে সিয়ামকে নয়া দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার করার বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।