২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশু সংবেদনশীল’ ১০টি আদালত কক্ষ চালু

এসব কক্ষে শিশুদের যত্ন, পরিচর্যা, সুরক্ষা, অংশগ্রহণ, তাদের মতামত গ্রহণসহ সব ধরনের শিশু অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2024, 09:38 PM

Updated : 29 Feb 2024, 11:54 PM

শিশু আইন-২০১৩ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ৯ জেলায় ১০টি ‘শিশু সংবেদনশীল আদালত কক্ষ’ উদ্বোধন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তন থেকে ভার্চুয়ালি এস ব কক্ষ উদ্বোধন করেন তিনি।

এর মধ্যে রাজশাহীতে দুটি এবং চট্টগ্রাম, রংপুর, বরিশাল, হবিগঞ্জ, খুলনা, বরগুনা, জামালপুর ও কক্সবাজার জেলায় একটি করে আদালত কক্ষ সংস্কার করে শিশু সংবেদনশীল কক্ষ তৈরি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথপ্রকল্প কক্ষগুলো তৈরি করেছে।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, শিশু বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে চায় বাংলাদেশ। সেজন্যই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় শিশু বিচার ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সংস্কার করা নতুন কক্ষগুলোতে শিশুদের যত্ন, পরিচর্যা, সুরক্ষা, অংশগ্রহণ, তাদের মতামত গ্রহণসহ সব ধরনের শিশু অধিকার নিশ্চিত করার তাগিদ দেন তিন।

আইনমন্ত্রী বলেন, শিশুদের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠায় ১৯৮৯ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণয়ন করা হয়। এরও ১৫ বছর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিশু আইন প্রণয়ন করেন, যা বাংলাদেশে শিশু অধিকার ও শিশু সুরক্ষার ভিত্তি হিসেবে কাজ করছে।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০১৩ সালে শিশু আইন প্রণয়ন করা হয়, যা শিশুদের সুরক্ষা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জন্য একটি আইনি কাঠামোর ভিত্তি স্থাপন করেছে।”

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের স্বাধীনতা হরণ এবং আটকাবস্থা শুধু শেষ উপায় এবং যতটা সম্ভব কম সময়ের জন্য ব্যবহার করা উচিত।”

আইন ও বিচার বিভাগীয় সচিব গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন সেকশনের প্রধান নাতালি ম্যাককিল, আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ হুমায়ুন কবির, রাজশাহী শিশু আদালত-২-এর বিচারক মুহা. হাসানুজ্জামান।